বন্যায় ঘর ভেঙেছে অঙ্কুরেন্নাসার, আর ‘বাঁচতে মন চায় না’ তার
“দুঃখে আঁর কইলজা হাডি যায়। জানডা যাইতো যদি (যদি মরে যেতাম) হাঁচি (বেঁচে) যাইতাম।”
স্বামী মারা গেছেন ১০ বছর হলো। তাদের ঘরের চার কন্যার মধ্যে তিনজনের বিয়ে হলেও একজনের বিচ্ছেদ হয়েছে। বন্যার আগ পর্যন্ত দুই মেয়েকে নিয়ে ছোট্ট একটা বাড়িতে বাস করছিলেন অঙ্কুরেন্নেসা- একজন ষাটোর্ধ্ব মা।
কোনো ছেলে নেই। তাই মেয়েদের নিয়ে এই মা কোনো রকমে সংসার চালিয়ে যাচ্ছিলেন।
কাঁদতে কাঁদতে ভাঙা গলায় নোয়াখালী সদর উপজেলার পূর্ব মনপুরের বাসিন্দা আঙ্কুরেন্নেসা বলছিলেন, “বন্যায় ঘর ভাঙি গেছে আমার।”
শ্বাসকষ্টের কারণে কথা বলতে পারছিলেন না ঠিকমতো। বন্যার মধ্যে এই অসুস্থ শরীর নিয়েই উঠেছেন স্থানীয় একটি মাদ্রাসায়। সেখানেই বারান্দায় রাত কাটছে তাদের। আর দিন হলে বের হচ্ছেন খাবারের সন্ধানে।
নোয়াখালী সদর উপজেলায় দিনমনির হাটে কথা হয় আঙ্কুরেন্নাসার সঙ্গে। নিজ থেকেই এগিয়ে এসে বলতে চাইলেন অনেক কিছু। তবে অসুস্থতা তাতে যেন বাধ সাধে। আস্তে ভেঙে ভেঙে দুই-একটি কথা বলছিলেন আর বারবার চোখ মুছছিলেন।
কথা বলতেই যেখানে কষ্ট হয় অঙ্কুরেন্নাসার, সেখানে দুপুরের কড়া রোদে তিনি বেরিয়েছেন খাবারের খোঁজে। তিনি বলছিলেন, “দুঃখে আঁর কইলজা হাডি যায়। জানডা যাইতো যদি (যদি মরে যেতাম) হাঁচি (বেঁচে) যাইতাম।"
বুঝা গেল তার জীবন ধারণের কোনো সম্বলই নেই। বন্যার তোড়ে রাত্রি যাপনের ঠাঁইটি হারিয়ে এখন তিনি দিশেহারাপ্রায়।
খাওয়ার প্রসঙ্গ তুলতেই বললেন অঙ্কুরেন্নসা, “কিচ্ছু খাইনো। ওই দোহানে একজনে দুইডা পুরি খাওয়াইছে। কাইল এক বোতল হানি খুঁজিও হাইনো। অহন শুইনছিলাম কিছু দিবো, এল্লাই বসি আছি।”
কাঁদতে কাঁদতে কথা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন আরও একটু কিন্তু পারলেন না। আবার জিজ্ঞাসা করেন, “হামুনিরে কিছু বাপ?”
আঙ্কুরেন্নেসার মত বানের পানিতে শেষ সম্বল হারিয়েছেন অনেকেই। এসব আর ফেরত পাওয়ার নয় জেনেও তারা আশায় বুক বেঁধে আছেন, কেউ হয়ত তাদের পাশে দাঁড়াবেন; একটু মাথাগোঁজার ঠাঁই করে দেবেন।
বন্যার কারণে সড়কে হাঁটু পানি দিয়ে ভ্যান ঠেলে নিচ্ছিলেন আব্দুল সোবহান। এখানকার শ্যামপুরের এই বসিন্দা তিন ছেলে ও দুই মেয়ের পিতা।
সোবহানের ছেলেরা রিকশা চালায়, তাদেরও রোজগারের পথ বন্ধ। এখন নিজেই কিছু আয়ের আশায় অন্যের মালবাহী ভ্যান ঠেলে পার করে দিচ্ছেন।
তিনি বলেন, "খাইদ্য-ঠাইদ্য দেয়, মিছা কথা কইতাম নো; পোটলা দুগ্গা হাইছি। এ আল্লায় খাওয়ায়। রান্না ঘর ডুবি গেছে, থাওনের ঘরও ডুবি গেছে।"
"চারদিন ধরি চিড়া খাই আছি" বলতেই চোখ ভিজে উঠে সোবহানের।
তিনি বলেন, "পোলাপাইনের রোজি অইলে এনা আঁরে দিতো। অন ভ্যান ঠেলি উঠাই সামনে গি বসি থাইকমু। এই চলি, আল্লায় চালায়।”
আজিজুল্লাহপুরের বাসিন্দা শারাফাত আলী বলেন, “সবারই তো ঘর-ভিডা সব ডুবা। সাহাইয্য যা আইতেছে কেউ পাইতেছে কিছু, কেউ পাইতেছে না। এইডাই সমইস্যা।"
