Published : 23 Dec 2025, 02:06 AM
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।
সোমবার সন্ধ্যায় সংবাদমাধ্যমটির হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা করেন বলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানিয়েছেন।
মামলাটিতে অজ্ঞাত ৩৫০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। অগ্নিসংযোগে পত্রিকাটির ৪০ কোটি টাকার ক্ষতির কথা বলা হয়েছে মামলার অভিযোগে।
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় রোববার রাতে তেজগাঁও থানায় প্রথম আলোর পক্ষ থেকেও মামলা হয়েছে। সেখানে অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
প্রথম আলোর করা মামলায় ইতোমধ্যে ১৫ জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।