১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩ মাসের মাথায় সরানো হলো পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুলকে

অতিরিক্ত সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2026, 01:00 AM

Updated : 26 Aug 2026, 03:37 PM

দায়িত্ব দেওয়ার তিন মাসের মাথায় বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদ থেকে মো. এরফানুল হককে সরিয়ে দিয়েছে সরকার।

তাকে পেট্রোবাংলা থেকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা এরফানুল হক গত ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে অতিরিক্ত সচিব ছিলেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা এরফানুল কর্মজীবনে মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন এরফানুল। জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি থেকেও একই বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন তিনি।