১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দণ্ডিত ৮ ছাত্রদল নেতা আত্মসমর্পণের পর কারাগারে

আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 05:41 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

ঢাকার গুলশান ও বনানী থানার আলাদা তিন নাশকতার মামলায় বিভিন্ন কারাদণ্ড দেওয়া ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান ও মিনহাজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।  

শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহসভাপতি সোহাগ মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল খান এবং সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু ও মো. রাসেল। 

তাদের পক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, “ছাত্রদলের সাবেক ও বর্তমান আট নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করছি, তারা দ্রুতই জামিন পাবেন।”

এই আইনজীবী বলেন, গুলশান থানার এক মামলায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর আউয়াল, রাজু ও রাসেলকে সাড়ে তিন বছর, আউয়ালকে গুলশান থানার আরেক মামলায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

বনানী থানার এক মামলায় আউয়াল, সবুজ, সোহাগ, মাসুম, মামুন ও রাশেদ উল্লাহকে ২০২৩ সালের ৮ অক্টোবর দুই বছরের কারাদণ্ড দেয় আদালত।