২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রামাডল জব্দের মামলা: ২ জনের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাবাগান থানায় এ মামলা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

ট্রামাডল বড়িসহ গ্রেপ্তারের পর জামিন পাওয়া দুইজনের জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত। 

এই দুই আসামি হলেন-তরিকুল ইসলাম ও মো. উজ্জল মিয়া। 

ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন বৃহস্পিতবার এ আদেশ দিয়েছেন বলে রোববার সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার জানিয়েছেন।

তিনি বলেন “এই মামলায় দুই আসামির জামিন পাওয়ার বিষয়টি আমরা আদালতকে অবহিত করি। জামিনের আদেশের যথার্থতা ও আইনগত ভিত্তি যাচাইয়ের জন্য আদালত বৃহস্পতিবার বিকালে মামলার নথি তলব করেন। 

“পরে আদালত আসামিদের জামিন বাতিল করে আদেশ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেন। অন্যথায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গেল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার গুলশানের মাদানী অ্যাভিনিউ থেকে তরিকুলকে গ্রেপ্তার করেন। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিনই সকাল ১০টার দিকে ঢাকার গ্রিন রোডের বাইতুল লাজ নামের একটি ভবনের চতুর্থ তলার কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় দেড় লাখ ট্রামাডল বড়ি জব্দ এবং উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ট্রামাডল নামের মাদক আটকের ঘটনা এটাই প্রথম।

এই মাদক উদ্ধারের ঘটনায় মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাবাগান থানায় মামলা করে বলে খবর এসেছে। 

পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ গ্রেপ্তার দুইজনকে আদালতে হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ তাদের জামিনের আদেশ দেন এবং বিকালেই তারা কারামুক্ত হন।