‘মালয়েশিয়ায় সন্ত্রাসবাদ’: এক আসামির ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’, আরেকজন রিমান্ডে
মামলার তদন্ত কর্মকর্তা দুজনকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড ও রিমান্ডের আবেদন করেন।
মালয়েশিয়ায় উগ্রবাদ ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ঢাকার বিমানবন্দর থানার মামলায় গ্রেপ্তার সজীব মিয়া আদালতে ‘দোষ স্বীকার করে’ জবানবন্দি দিয়েছেন।
গ্রেপ্তার আরেক আসামি ওয়াসিম আকরামকে তিন দিন রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের পরিদর্শক কে এম তারিকুল ইসলাম দুজনকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড ও রিমান্ডের আবেদন করেন।
সজীব স্বেচ্ছায় ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত’ হন। ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান সেটি রেকর্ড করে কারাগারে তাকে পাঠানোর আদেশ দেন।
অপরদিকে ওয়াসিম আকরামকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি নিয়ে আরেক মহানগর হাকিম মাহবুব রহমান তার তিন দিন রিমান্ডের আদেশ দেন।
বিমানবন্দর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই এসএম বখতিয়ার খালেদ এ তথ্য দেন।
মালয়েশিয়ায় অবস্থান করে উগ্রবাদ ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের ইনটেলিজেন্স শাখার পরিদর্শক মো. আব্দুল বাতেন গত ৫ জুলাই ৩৫ জনকে আসামিকে করে বিমানবন্দর থানায় মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, “আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হন। তারা মালয়েশিয়ায় অবস্থান করে সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। তারা মালয়েশিয়ার আইপি ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি কতিপয় নাগরিকদের পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সদস্য সংগ্রহ এবং প্রচার চালিয়ে আসছিল।
“আসামিরা মালয়েশিয়ায় অবস্থান করে সে দেশের জননিরাপত্তা, জনসাধারণের আতঙ্ক সৃষ্টির উদ্দেশে কর্যক্রম পরিচালনা করে। পরে গত ২৮ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মালয়েশিয়ান পুলিশ তাদের গ্রেপ্তার করে। আসামিরা সন্ত্রাসী সংগঠনের সদস্য হয়ে আর্থিক সামর্থ্য অনুযায়ী স্বেচ্ছায় দেওয়া অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করেন। পরে সংগৃহীত অর্থ ই-ওয়ালেট এবং আন্তর্জাতিক অর্থ স্থানান্তর পরিষেবার মাধ্যমে অন্যান্য দেশে অর্থ প্রেরণ করে। সংগঠনটির সদস্য হিসেবে বছরে ৫০০ রিঙ্গিত চাঁদা দিত।”
অভিযোগে আরও বলা হয়, গ্রেপ্তার আসামিদের মালয়েশিয়ান পুলিশ পর্যায়ক্রমে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
“গোয়েন্দা তথ্য বলছে, আসামিরা পর্যায়ক্রমে বাংলাদেশে এসে সন্ত্রাসবাদে জড়িত হয়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে দেশের অখণ্ডতা, সংহতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব, জননিরাপত্তা, জনসাধারণের কোনো অংশে আতঙ্ক সৃষ্টি উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করে যেকোনো সময় বিভিন্ন স্থানে জঙ্গি হামলার সম্ভবনা রয়েছে।”
মামলাটিতে এর আগে চার মালয়েশিয়া প্রবাসীর রিমান্ড মঞ্জুর করে আদালত।
তাদের মধ্যে তিনজনকে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়। তারা হলেন- নজরুল ইসলাম সোহাগ, মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, জাহেদ আহমেদ।
এ ছাড়া মাহফুজ নামে আরেকজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
