১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

স্বর্ণালঙ্কার ছিনতাই: জামিন পাননি বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ ২ আসামি

ছিনতাইয়ের অভিযোগে মামলা ও গ্রেপ্তারের পর বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতিকে বহিষ্কার করেছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 05:27 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের মামলায় কারাগারে থাকা দুই আসামি আল-আমিন শান্ত ও আব্দুর রউফের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দিয়েছে বলে প্রসিকিউশন বিভাগের এসআই আবু বকর ছিদ্দিক জানিয়েছেন।

আসামিদের জামিনের আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী আব্দুর রহমান।

আল-আমিন শান্ত বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। ছিনতাইয়ের এ ঘটনায় গ্রেপ্তারের পর তাকে বহিষ্কার করে ছাত্রদল। সংগঠনটির এ ইউনিটের সভাপতি মো. রিপন হোসেনকেও একইসঙ্গে বহিষ্কার করা হয়েছে। রিপনও এই মামলার আসামি, তবে এখনো গ্রেপ্তার হননি।

গত ২৯ অগাস্ট রাত ১০টার দিকে বিমানবন্দর এলাকা তাকে আল-আমিন ও রউফকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ৯৯ দশমিক ৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

পর দিন তাদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত এক দিনের রিমান্ডের আদেশ দেয়। রিমান্ড শেষে ৩১ অগাস্ট তাদের কারাগারে পাঠানো হয়।

২০০ গ্রাম স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেন মো. সুমন নামে একজন।

এজাহারে অভিযোগ করা হয়, মামলার আগের দিন, অর্থাৎ ২৮ অগাষ্ট কাউসার নামে এক মালয়েশিয়া প্রবাসী তার বোনের বিয়ে ও পরিবারের ব্যবহারে জন্য ২০০ গ্রাম স্বর্ণালঙ্কার পাঠানো পরিচিত একজনের কাছে। বিমানবন্দরে সেটি গ্রহণ করেন কাউসারের ছোট ভাই মো. সুমন তার বন্ধু রোহান চৌধুরী।

রাত ৮টার দিকে বিমানবন্দর এলাকা থেকে ভাড়া করা হায়েস গাড়িতে ওঠেন তারা। এসময় বলাকা ভবনের বিপরীতে আসামিরা সেই গাড়ির গতিরোধ করেন। আসামিরা নিজেদের ‘আওয়ামী লীগ ও ছাত্রলীগ পরিচয় দিয়ে বোমার ভয় দেখান’। এলোপাতাড়ি কিল-ঘুসি মারেন। একপর্যায়ে সুমন ও রোহানের কাছ থেকে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন।