রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, জানালেন যুক্তরাষ্ট্র সফরের অভিজ্ঞতা
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করলেন সরকার প্রধান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী এ সময় তার যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান, জাতিসংঘ মহাসচিব, আন্তর্জাতিক অর্থনৈতিক এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ সফরের বিভিন্ন বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
মঙ্গলবার বিকাল ৩টায় এই সাক্ষাতের তথ্য দিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম।
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তার সঙ্গে সাক্ষাৎ করলেন সরকার প্রধান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি জাতিসংঘ অধিবেশনে দেওয়া ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর ভাষণটিকে ‘দূরদর্শী, দৃঢ়প্রত্যয়ী ও দিক নির্দেশনামূলক’ হিসেবে বর্ণনা করেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, “ভাষণটিতে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থানও সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
“এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত ও সুদৃঢ় করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণ এবং শক্তিশালী করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে।”
এছাড়াও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ও রাষ্ট্রীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে তথ্য দেন প্রেস সচিব।
বঙ্গভবনে সাক্ষাৎ করতে আসায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।
এর আগে বিকাল ৩টায় বঙ্গভবনের এসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিবসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
