চট্টগ্রামে প্লাস্টিক কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাংবাদিক ‘অবরুদ্ধ’
কারখানার সিবিও’র অপসারণ দাবিতে এই বিক্ষোভ হয় বলে পুলিশ জানায়।
ঊর্ধ্বতন এক কর্মকর্তার অপসারণ দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন এন মোহাম্মদ প্লাস্টিক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার ফুলতল এলাকার ওই কারখানা বিক্ষোভের জেরে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সেখানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিকের ওপর হামলা হওয়ার অভিযোগও উঠেছে।
দুই সাংবাদিক হলেন- দৈনিক সংবাদের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি দেবাশীষ বড়ুয়া রাজু ও দৈনিক পূর্বকোণের পূজন সেন।
নাম প্রকাশ না করে একাধিক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার সিবিও (চিফ বিজনেস অফিসার) মোস্তাকুর আহমেদকে নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। বৃহস্পতিবার তার অপসারণের দাবিতে শ্রমিকরা সকাল থেকে কারকাখানার ভেতরে বিক্ষোভ করেছেন।
শ্রমিকদের অভিযোগ, মোস্তাকুর কারখানার স্থায়ী শ্রমিকদের চুক্তিভিত্তিক কাজ করার জন্য চাপ দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের বাদ দিয়ে নিজ এলাকার লোকজনকে কারখানায় নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দৈনিক পূর্বকোনের বোয়ালখালী উপজেলা প্রতিনিধি পূজন সেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে সাংবাদিকরা সেথানে যান। এসময় এক দল শ্রমিক এসে হামলা শুরু করে।
তিনি বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে কারখানায় গিয়ে আমরা নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে ভেতরে প্রবেশের অনুমতি চেয়েছিলাম। এসময় আমাদের নিরাপত্তারুমে বসতে বলে দায়িত্বরত ব্যক্তি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করে। এসময় কারখানার ভেতর থেকে শ্রমিকরা মিছিল নিয়ে আসছিল। আমরা ছবি তুলতে গেলে তারা দৌঁড়ে এসে মারধর করে।
“এক পর্যায়ে আমরা নিরাপত্তারক্ষীদের কক্ষে আশ্রয় নিই। কিন্তু সেখানে আমাদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
আহত দেবাশীষ বড়ুয়া রাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে বলে জানান পূজন।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, কারখানার সিবিও’র বিরুদ্ধে এ বিক্ষোভ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজকে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
অবরুদ্ধ দুই সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কথা জানান তিনি।
এ বিষয়ে কথা কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আবু আলমমে ফোন করা হলেও তিনি কেটে দেন। ফোনে বার্তা পাঠিয়েও সারা মেলেনি।
