১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কল ড্রপ, প্যাকেজ, ডেটা ও ব্যালেন্স নিয়ে গ্রাহকদের অনেক প্রশ্ন: টেলিযোগাযোগ মন্ত্রী

মোবাইল অপারেটর রবির এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 11:52 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

মোবাইলে ফোনে কথা বলার সময় কল ড্রপ, প্যাকেজের মেয়াদ শেষ হওয়া, ডেটা ও ব্যালেন্স সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম।

মোবাইল অপারেটরদের নিয়ে তিনি বলেন, “গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের প্যাকেজের শর্ত, মেয়াদ ও তাদের অধিকার সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে।”

বুধবার তেজগাঁওয়ে রবির করপোরেট কার্যালয়ে ‘পাওয়ারিং দ্যা ফিউচার: রবি কমপ্লিটস ঢাকা মডার্নাইজেশন’ শিরোনামের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিম ট্যাক্স প্রত্যাহারের কথা তুলে ধরে তিনি বলেন, “সরকারের এসব উদ্যোগের সুফল যেন সরাসরি সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে।”

রবির সেবার মানোন্নয়নের উদ্যোগ নিয়ে মাহবুব আনাম বলেন, “শুধু বড় শহরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল ও গ্রাম পর্যায়েও উন্নত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে হবে। টাওয়ার শেয়ারিংয়ের সুযোগ কাজে লাগিয়ে গ্রামাঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নে মোবাইল অপারেটরদের আরও উদ্যোগী হতে হবে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, “মোবাইল ফোনের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমিয়ে সাশ্রয়ী স্মার্টফোন সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।”

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী, রবির এমডি এবং সিইও জিয়াদ সাতারাও অনুষ্ঠানে কথা বলেন।