২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছর আগের দুই মামলায় এনসিপির আখতারকে অব্যাহতি

আখতার হোসেনের আইনজীবীর আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার দুটি আদালত মঙ্গলবার এ আদেশ দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 07:16 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

প্রায় পাঁচ বছর আগের ‘দাঙ্গা, বেআইনি সমাবেশ ও সরকারের কাজে বাধা দেওয়ার’ অভিযোগে ঢাকার শাহবাগ থানায় করা পৃথক দুই মামলায় অব্যাহতি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। 

আখতার হোসেনের আইনজীবীর আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার দুটি আদালত মঙ্গলবার তাকে অভিযোগ থেকে অব্যাহিত দিয়ে এ আদেশ দেয়।

এনসিপি নেতার আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য দিয়ে বলেছেন, “সম্প্রতি মামলা প্রত্যহারের জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহারের জন্য গেজেট প্রকাশ করে। সেই গেজেটের কপি জমা দিয়ে আজকে আমরা আদালতে মামলাগুলো থেকে তাকে অব্যাহতির আবেদন করি।”

তিনি বলেন, ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি নিয়ে অব্যাহতির আদেশ দিয়েছেন। 

এই দুই মামলায় গেল ২৮ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান আখতার হোসেন। 

২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের সময় শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটা মামলা দায়ের করা হয়। 

সে বছর ১৩ এপ্রিল রমজান উপলক্ষে দুস্থদের মাঝে ইফতার সামগ্রীর সময় বিতরণের সময় আইনশৃঙ্খলা বাহিনী আখতার হোসেনকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে শাহবাগ থানার পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।