২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব বরাবরের মতই আইনের প্রতি শ্রদ্ধাশীল: নতুন মুখপাত্র

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়া এবং পরে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়েও প্রশ্ন করা হয় মতবিনিময় অনুষ্ঠানে।

র‌্যাব বরাবরের মতই আইনের প্রতি শ্রদ্ধাশীল: নতুন মুখপাত্র
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 10:35 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসাবে দায়িত্ব নিয়ে কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন, এ বাহিনী বরাবরের মতই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তার দায়িত্বপালনে অঙ্গিকারাবদ্ধ।

রোববার দুপুরে কারওয়ান বাজারে রবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি অনুষ্ঠানে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। 

গত বুধবার আরাফাত ইসলাম এই শাখার পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তিনি কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন।

অনষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে নানা প্রশ্ন করা হয় নতুন এই পরিচালককে, যিনি এই দায়িত্ব গ্রহণের আগে র‌্যাব-১৩ এর অধিনায়ক ছিলেন।

২০২২ সালের ডিসেম্বর থেকে প্রেষণে র‌্যাবে দায়িত্ব পালন করে আসা নৌবাহিনীর এই কর্মকর্তা বলেন, র‌্যাব সমসময় সন্ত্রাস আর জাঙ্গিবাদের ব্যাপারে ‘জিরো টলারেন্স নীতি’ দেখিয়ে এসেছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে র‌্যাবের সাফল্য ‘ঈর্ষণীয়’।

তিনি বলেন, “র‌্যাব সবসময় আইন মেনে তার কাজটুকু করে থাকে। অপরাধ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনার কাজটিও অত্যান্ত গুরুত্বের সাথে করে থাকে র‌্যাব।”

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ফরিদপুরে মন্দিরে আগুন দেওয়া এবং পরে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়েও প্রশ্ন করা হয় মতবিনিময় অনুষ্ঠানে।

জবাবে র‌্যাবের মুখপাত্র বলেন, সাংবাদিক দম্পতি হত্যার বিষয়টি ‘চাঞ্চল্যকর ঘটনা’। এটি এখন তদন্তাধীন। তদন্তে যা পাওয়া যাবে, সময়মত তা প্রকাশ্যে আসবে।

কিশোর গ্যাং নিয়ে এই পরিচালক বলেন, “এটা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে শুধু হবে না। এ ক্ষেত্রে পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।

“আমরা এরই মধ্যে কিশোর গ্যাংয়ের অনেক সদস্যকে গ্রেপ্তার করেছি। এটার ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই।”

ফরিদপুরের ঘটনা নিয়ে তিনি বলেন, “র‌্যাবের গোয়েন্দা শাখা এ নিয়ে কাজ করছে। অপরাধীদের গ্রেপ্তারে র‌্যাব সার্বক্ষণিক তৎপর রয়েছে। আমরা বিষয়টিকে অত্যান্ত গুরুত্ব দিচ্ছি। আশা করি অল্প সময়ে সাফল্য আসবে।”