রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক ওসি রাকিবুলের জামিন আবেদন নাকচ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথোপকথনের ঘটনায় আলোচনায় আসেন ক্যান্টনমেন্ট থানার সাবেক এই ওসি।
রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত আবেদনটি নাকচ করে দেয়।
রাকিবুল হাসানের আইনজীবী মোরশেদ হোসেন শাহীন এ তথ্য দিয়েছেন।
গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাকিবুল হাসানের পাঁচদিন এবং ২৮ সেপ্টেম্বর দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। রিমান্ড শেষে ৩০ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ছড়িয়ে পড়ে। সেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে তাকে কথা বলতে শোনা যায়। বর্তমান সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের সমালোচনাও করেন তিনি।
অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। এরপর কমিটির সদস্যরা তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার বিরুদ্ধে একই থানার পরিদর্শক সুব্রত দেবনাথের করা মামলায় করে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং রিমান্ডে পাঠানো হয়।
এ নিয়ে সমালোচনা শুরু হলে রাকিবুলকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে নেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
