১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোরে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদী

গত বছরের শেষে একাধিক ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী ছিল।

বিশেষ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 11:56 AM

Updated : 16 Sep 2026, 05:10 PM

ঢাকা ও এর আশপাশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার ভোর ৫টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে এ ভূকম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, মৃদু এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে।

গত ২১ নভেম্বরে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়েছিল বাংলাদেশ, সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ৫ দশমিক ৭ মাত্রার সেই ভূকম্পনে তিন জেলায় ১০ জনের মৃত্যু হয়, আহত হয় ছয় শতাধিক মানুষ। ঢাকার বহু ভবনে ফাটল, কোথাও কোথাও হেলে পড়ার ঘটনা ঘটে।

পরদিন সকালে ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়, সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ। তার রেশ না কাটতেই সেদিন সন্ধ্যায় সেকেন্ডের ব্যবধানে দুটি ভূমিকম্প হয়, যার একটি উৎপত্তিস্থল ছিল সেই নরসিংদীতেই।

এরপর ২৭ নভেম্বর ৪ মাত্রার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। এরপর ৪ ডিসেম্বর হালকা মাত্রার ভূমিকম্প হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১। এটির উৎপত্তিস্থল নরসিংদীরই শিবপুরে। 

এর বাইরেও সম্প্রতি একাধিক ভূমিকম্প হয়েছে, যার উৎপত্তিস্থল ঢাকা ও আশপাশ। বারবার ভূমিকম্পের পর এখনই করণীয় ঠিক করতে তাগিদ দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট থেকে টেকনাফ (প্লেটে) পর্যন্ত ভূমিকম্পের শক্তি জমা হয়ে আছে।

“সেজন্য গত কয়েক বছর ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী ও সিলেট অঞ্চলে ছোটোখাটো ভূমিকম্প পাচ্ছি।”

এ ভূতত্ত্ববিদ বলেন, ভূমিকম্পের দুটো উৎসের মধ্যে একটি হলো ডাউকি ফল্ট (শেরপুর, ময়মনসিংহ, সিলেট ও জৈন্তাপুর)। আরেকটা সিলেট থেকে টেকনাফ পর্যন্ত (সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম)। এখানে ভূমিকম্পের শক্তি জমা হচ্ছে।

ভূমিকম্পের প্রভাব মোকাবেলায় তার বক্তব্য হলো, “আর্থ সামাজিক বাস্তবতায় অপরিকল্পিত ঢাকা মহানগরীকে পাল্টানো যাবে না; সেক্ষেত্রে মানুষকে সচেতন করাই অন্যতম উপায়।”

আরও পড়ুন

ঢাকার পাশে ভূমিকম্পের উৎপত্তিস্থল কতটা উদ্বেগের?

ফের ভূমিকম্পে কাঁপল দেশনরসিংদীই উৎপত্তিস্থল

.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশআতঙ্কে রাস্তায় মানুষ