দুর্গাপূজার শেষ দুদিনে হানা দিতে পারে বৃষ্টি
“অক্টোবরের প্রথম সপ্তাহের পরেই দেশে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে আসবে,” বলেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির।
দুর্গাপূজার সপ্তমী আর অষ্টমীতে আবহাওয়া শুস্ক থাকলেও নবমী এবং দশমীতে বৃষ্টি হানা দিতে পারে বলে আভাস মিলেছে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৯ ও ৩০ সেপ্টেম্বর তুলনামূলকভাবে আবহাওয়া শুস্ক থাকতে পারে। তারপর বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে।”
তিনি বলেন, “বৃষ্টির মৌসুম প্রায় শেষ। শেষ সময়ে যেটা হয়, বৃষ্টি হয়, বজ্রপাত হয়। আমরা ধারণা করছি, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত গোটা দেশেই কম-বেশি বৃষ্টি হবে।
“তবে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এবং উপকূলীয় অঞ্চল খুলনা, চট্টগ্রাম বৃষ্টিপাত তুলনামূলক বেশি হবে।”
তরিফুল নেওয়াজ বলেন, “অক্টোবরের প্রথম সপ্তাহের পরেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে সারাদেশে। তবে নবমী-দশমীতে বৃষ্টি পাবেন।”
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ১ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সেটি আরও ঘনীভূত হতে পারে কিনা জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, সবশেষ যে লঘুচাপগুলো হয়েছে, অধিকাংশই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং অন্ধ্র, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে অতিক্রম করেছে।
“এটারও সম্ভাবনা তাই। এটা আগামীকাল রাতে বা তার পরবর্তী সময়ে উত্তর বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা উপকূল দিয়ে স্থলে (স্থলচাপ) উঠে যাবে। এটার প্রভাবেই আমাদের উপকূলীয় এলাকায় এবং বাকি সিস্টেমের কারণে উপরের দিকে বৃষ্টিপাতটা বাড়বে একটু।”
আবহাওয়া অধিদপ্তরের রোববার সন্ধ্যার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে মহারাষ্ট্র ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
লঘুচাপের কেন্দ্রস্থল ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। এই সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টি নথিবদ্ধ হয় ফেনীতে। এছাড়া সিলেটে ৪৪ ও বান্দরবানে ৩৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে; ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করে আবহাওয়া অধিদপ্তর।
