২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এমপি শাওনের বিরুদ্ধে দুদকের মামলা

তার স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে ‘জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ ২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার সম্পদ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2025, 05:43 PM

Updated : 26 Aug 2026, 11:40 AM

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে ৫১ কোটি ৯ লাখ ২৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

“তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৩৩টি ব্যাংক হিসাবে ২০৮ কোটি ৭০ লাখ ৭৯ হাজার ৪২৩ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে মামলায়।”

তার স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে ২ কোটি ২০ লাখ ৬১ হাজার টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিস জারি করেছে দুদক।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা ও প্রাণহানির অভিযোগে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হচ্ছে। 

তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের বিভিন্ন অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরু করছে দুদক।

এরই মধ্যে তারা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ বিগত সরকারের প্রভাবশালী অনেক এমপি-মন্ত্রীর বিরুদ্ধে বেশকিছু মামলা করেছে।