সময় হলেই পুলিশ বাহিনী ঘুরে দাঁড়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী
“বঙ্গবন্ধু সবাই ক্ষমা করে দিতে ভালোবাসতেন, কিন্তু এই ক্ষমায় তাকে যে কতখানি মূল্য দিতে হয়েছে, তাও আমরা দেখলাম।”
দেশের প্রয়োজনে পুলিশ বাহিনী সব সময় ঘুরে দাঁড়ায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনীকে সব সময় মনে করি, যখন সময় আসে তারা তখন ঘুরে দাঁড়ায়। সেই ২৫শে মার্চে যেমন তারা ঘুরে দাঁড়িয়ে ছিলেন, বঙ্গবন্ধুকে রক্ষা করার জন্যও যেমন ঘুরে দাঁড়িয়েছিলেন, তেমন করোনাভাইরাসের সময়ও ঘুরে দাঁড়িয়ে ছিলেন। আমাদের পুলিশ বাহিনী সব সময় সম্মুখ সেনা হিসেবে কাজ করে যাচ্ছেন।”
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এই সভায় সাবেক গভর্নর ও বঙ্গবন্ধুর একান্ত সচিব মোহাম্মদ ফরাসউদ্দিন, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলাম।
আসাদুজ্জামান কামাল বলেন, “খুনি ফারুক, রশীদ, নূর ও ডালিমকে চিনতাম। ফারুক একদিন আমাকে বলছিল- ‘পাকিস্তানের আর্মির কমান্ডো ছিলাম, আমাকে কি যে একটা পোস্টিং দিয়েছে! আমাকে আরও ভালো জায়গায় ....’। তাদের এই দাম্ভিক কথা-বার্তাগুলো তখনই আমাদের ভালো লাগতো না।
“বঙ্গবন্ধু সবাই ক্ষমা করে দিতে ভালোবাসতেন, কিন্তু এই ক্ষমায় তাকে যে কতখানি মূল্য দিতে হয়েছে, তাও আমরা দেখলাম।”
আইজিপি বেনজীর বলেন, ১৯৭০ সালের নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে ২৮ শতাংশ মানুষ ভোট দেয়নি, তারা এখন দেশে ৩৫ শতাংশের উপরে।
“তারা সেই জনগোষ্ঠী, যারা তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে ছিল। তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে থাকার কারণে সেই ২৮ শতাংশ মানুষ ২৪ বছর অর্থনৈতিক শক্তি জোগাড় করেছে। এই অর্থনৈতিক শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ গ্রহণে ব্যবহৃত হয়েছে। তারা এখন দেশে ৩৫ শতাংশ। আমাদেরকে অবশ্যই সেই অবয়ব বাঙালি থেকে সতর্ক থাকতে হবে।”
বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের সময় যারা মন্ত্রী ছিলেন, তাদের ভূমিকার সমালোচনা করেন ফরাসউদ্দিন।
