Published : 10 Mar 2026, 02:49 PM
ঢাকার শান্তিবাগে ‘পূর্বশত্রুতা ও মাদক নিয়ে দ্বন্দ্বের’ জেরে এক যুবককে এলাপাতারি কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
৩২ বছর বয়সী সেকান্দার নামের ওই যুবক পেশায় অটোরিকশাচালক ছিলেন। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি রামপুরা ওলনবাজার এলাকায় থাকতেন; তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামে।
সোমবার রাতে শান্তিবাগের ১৭ নম্বর ভাঙারি গলিতে ওই যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে রাত ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন।
তিনি বলেন, “নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।”
প্রাথমিক তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, ‘পূর্বশত্রুতা ও মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে’ ৩-৪ জন মিলে তাকে কুপিয়ে হত্যা করেছে।
হাসপাতালে সেকান্দারের ভাই আমির আলী অভিযোগ করে বলেন, “ঘাতকরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক সেবনে বাধা দেওয়ায় মামুন, হান্নানসহ কয়েকজন মিলে সেকান্দারকে কুপিয়েছে।”
শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম বলেন, “আমরা ওই যুবককে কোপানো প্রাথমিকভাবে ৩-৪ জনকে শনাক্ত করতে পেরেছি। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
আর এ ঘটনায় ৬-৭ জনকে আসামি করে পরিবারের তরফে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।