২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিআইবি ট্রাস্টির চেয়ারপারসন হলেন মনসুর আহমেদ চৌধুরী

ট্রাস্টি বোর্ডের সদস্য হয়েছেন টিআইবির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক মনজুর হাসান এবং নারীর ক্ষমতায়ন ও সুশাসন বিশেষজ্ঞ তাহেরা ইয়াসমিন।

টিআইবি ট্রাস্টির চেয়ারপারসন হলেন মনসুর আহমেদ চৌধুরী
টিআইবি ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারপারসন মনসুর আহমেদ চৌধুরী (বাঁয়ে), সদস্য তাহেরা ইয়াসমিন (ওপরে) ও মনজুর হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2024, 07:07 PM

Updated : 26 Aug 2026, 11:14 AM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন মানবাধিকারকর্মী ও ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা-ট্রাস্টি মনসুর আহমেদ চৌধুরী।

তিনি সুলতানা কামালের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, নতুন সদস্যও যোগ হয়েছে তাদের ট্রাস্টি বোর্ডে। তারা হলেন টিআইবির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক মনজুর হাসান এবং নারীর ক্ষমতায়ন ও সুশাসন বিশেষজ্ঞ তাহেরা ইয়াসমিন।

বিজ্ঞপ্তিতে আরো কিছু পদে পরিবর্তনের তথ্য দিয়েছে টিআইবি। তাতে বলা হয়েছে, অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন ট্রাস্টি বোর্ডের সদস্য ফারুক আহমেদ। অডিট কমিটির আরেক সদস্যের দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত কন্ট্রোলার জেনারেল মোতাহার হোসেইন।

মনসুর আহমেদ চৌধুরী আলোচিত ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা। মানবাধিকার বিশেষ করে প্রতিবন্ধীদের অধিকারের নিশ্চয়তাসহ তাদের জীবনমানের সার্বিক উন্নয়নে কাজ করছেন তিনি। ‘জাতীয় প্রতিবন্ধী ফোরাম’ গঠনে তার ভূমিকা রয়েছে। বর্তমানে এর চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।

ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। এই বোর্ডে সাধারণ সম্পাদক পদে আছেন অধ্যাপক তাসনিম আরেফা সিদ্দিকী এবং কোষাধ্যক্ষ পদে আছেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। 

সদস্য হিসেবে আছেন সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন, অধ্যাপক ফখরুল আলম, আইনজীবী সুস্মিতা চাকমা, সোসাইটি অব এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (শেড) প্রতিষ্ঠাতা পরিচালক ফিলিপ গাইন, মানবাধিকার ও সমাজকর্মী বনশ্রী পাল এবং ব্রাক ইন্টারন্যাশনালের সাবেক নির্বাহী পরিচালক ফারুক আহমেদ।