২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: মৃত্যুহীন দিনে রোগী শনাক্তও তিনশর নিচে

গত ২৪ ঘণ্টায় ৬৯০ জন কোভিড রোগীর সেরে উঠেছেন।

কোভিড: মৃত্যুহীন দিনে রোগী শনাক্তও তিনশর নিচে

দেশে শিশুরাও পেয়েছে কোভিড টিকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2022, 05:43 PM

Updated : 08 Oct 2022, 05:43 PM

দেশে দিনে শনাক্ত কোভিড রোগী কমেছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর শনিবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯৯টি নমুনা পরীক্ষা করে ২৯৯ জন রোগী শনাক্ত হয়।

আগের দিন শুক্রবার ৪৯১ জন শনাক্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

শনাক্ত রোগী কমলেও নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১০ শতাংশ।

গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শুক্রবার পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

নতুন আক্রান্ত রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতোই ২৯ হাজার ৩৮০ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৯০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

নতুন ২৯৯ রোগীর মধ্যে ২৪৩ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। রংপুর বাদে দেশের সাত বিভাগের ২০টি জেলায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬২ কোটি ১১ লাখ।