Published : 29 Jul 2023, 08:10 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন এমেরিটাস অধ্যাপককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে (অ্যানেক্স ব্লকে) বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সংবর্ধনা পাওয়া অধ্যাপকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান, চারুকলা ইনস্টিটিউটের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান।
‘জাতির বুদ্ধিবৃত্তিক জাগরণে অনন্য অবদান রাখায়’ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অবসরপ্রাপ্ত এই ছয় শিক্ষককে ‘এমেরিটাস অধ্যাপক’ ঘোষণা করা হয়।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় দেশবরেণ্য এই ছয় সাবেক শিক্ষককে এমেরিটাস অধ্যাপক ঘোষণা করেছে, যা দেশের উচ্চ শিক্ষাঙ্গনে এটি এক বিরল ঘটনা। গুণী ও খ্যাতিমান সাবেক শিক্ষকদের সম্মানিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্যের ধারা বহাল রেখেছে।”
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সহসভাপতি আনোয়ার হোসেন পাহাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।