Published : 18 Jul 2025, 08:02 PM
ঢাকার মিরপুর পাখির হাটে অভিযান চালিয়ে ৬১টি পাখি ও ২টি কচ্ছপ উদ্ধার করার তথ্য দিয়েছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
উদ্ধার পাখিগুলোর মধ্যে রয়েছে— ৪১টি টিয়া, ৩টি হরিয়াল ও ঘুঘু, ১০টি মুনিয়া এবং ৫টি শালিক।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, বন্যপ্রাণী সুরক্ষা আইন বাস্তবায়নে শুক্রবার মিরপুর ১ নম্বরের পাখির হাটে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে মিরপুর বোটানিক্যাল গার্ডেনে পাখিগুলো অবমুক্ত করা হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট জানিয়েছে, পাখি এবং অন্যান্য বন্যপ্রাণী বিক্রি ও খাঁচাবন্দি রাখা দণ্ডনীয়। জনসচেতনতা বাড়ানো এবং অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য বন্ধে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, “প্রকৃতিতে বন্যপ্রাণীর স্বাধীন বিচরণই তাদের প্রাকৃতিক অধিকার। শহরের পাখির হাটগুলোতে যেভাবে অসংখ্য বন্য প্রাণী খাঁচায় বন্দি করে বিক্রি করা হচ্ছে, তা শুধু বেআইনি নয়, নিষ্ঠুরও বটে।”