১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এখন ১৫৮ জন

বর্ধিত কমিটিতে সমন্বয়ক হিসেবে এখন আছেন ৪৯ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 10:04 PM

Updated : 26 Aug 2026, 10:09 AM

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ৬৫ সদস্য থেকে বাড়িয়ে ১৫৮ সদস্য করা হয়েছে।

শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারদের মুক্তির দাবিতে সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হল।”

আন্দোলনের সুবিধার্থে সামনের দিনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়কদের নিয়ে সমন্বয়ক টিম বর্ধিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বর্ধিত কমিটিতে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীকে রাখা হয়েছে।

চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্রটি হাই কোর্ট বাতিল করার প্রতিক্রিয়ায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে গত ৮ জুলাই ৬৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

ওই কমিটিতে সমন্বয়ক হিসেবে ২৩ জন এবং ৪২ জনকে সহ-সমন্বয়ক হিসেবে রাখা হয়েছিল। এবার কমিটি বর্ধিত করে এখন ১৫৮ সদস্যের করা হল।

আরও পড়ুন-

কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে 'ছাত্রশক্তি'র এরা কারা?