Published : 05 Jun 2026, 12:30 AM
তিন দিনের দ্বিপক্ষীয় সফরে ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শুক্রবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের ঘনিষ্ঠ এই মন্ত্রী।
বৈঠক শেষে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সাংস্কৃতিক সম্পদ সুরক্ষা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে তথ্য দিয়েছেন আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক।
সফরসূচি অনুযায়ী, দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এরপর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিল।
বিকালে হিকান ফিদান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

গত ২ জুন থেকে এশিয়ার দেশগুলোতে আঞ্চলিক সফর শুরু করেন হাকান ফিদান। এই সময়ে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন তিনি। তারই ধারাবাহিকতায় ঢাকায় এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-ইউরোপ অনুবিভাগের এক কর্মকর্তা বলেন, শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে হাকান ফিদানের। ওইদিন বিকেলেই ঢাকা ছাড়বেন তিনি।
এক দশক ধরে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলেও তথ্য দেন ওই কর্মকর্তা।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিল। মূলত জাতিসংঘে ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে প্রচারণার জন্য সে সময় তুরস্কে গিয়েছিলেন তিনি।