Published : 25 Feb 2026, 09:15 PM
বিএনপির নতুন সরকারের অগ্রাধিকার ও চিন্তা-ভাবনা বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় রেখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে বুধবার ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে বসানো হয়।
এদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী বলেন, “একটা সরকার নতুন সরকার এসেছে। নতুন সরকারের প্রায়োরিটিজ আছে স্বাভাবিকভাবে। পরিবর্তন তো শুধু বাংলাদেশ ব্যাংকে হয়নি, পরিবর্তন তো অনেক জায়গায় হচ্ছে। এবং এটা তো হতেই থাকবে।
“নতুন সরকারের যে প্রোগ্রাম আছে, প্রেফারেন্স আছে, চিন্তা আছে, ভাবনা আছে, সবকিছুর সাথে মিলিয়ে এগুলো বাস্তবায়নের জন্য যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবেই।”
এ সময় তিনি আরও রদবদলের ইঙ্গিত দেন।
আমির খসরু বলেন, “শুধু তো বাংলাদেশ ব্যাংকে পরিবর্তন হয়নি, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজনবোধে অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে।”
পোশাক খাতের ব্যবসায়ী মোস্তাকুর রহমান এক সময় পুঁজিবাজারের ব্রোকারেজ হাউজ এবং আবাসন ব্যবসাতেও যুক্ত ছিলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে ব্যাংকার, অর্থনীতিবিদ ও আমলার বাইরে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নরের দায়িত্ব দেওয়া হল, যা এ খাত সংশ্লিষ্ট অনেককে বিস্মিত করেছে।
চার বছর মেয়াদে তাকে গভর্নরের দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৪ অগাস্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব দেয়। তার নেতৃত্বে শুরু হয় ব্যাংক খাতের সংস্কারের কাজ।
দেড় বছরের মাথায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে বুধবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেখানে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা বলা হয়েছে।