২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রোশের বশে কাউকে আক্রমণ করবেন না: আসিফ নজরুল

“ধ্বংসযজ্ঞ, লুটতরাজ, ও হানাহানি করে যেন কেউ দেশের সম্পদ নষ্ট করতে না পারে,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2024, 10:54 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

ব্যাপক গণআন্দোলনে ক্ষমতাসীন সরকারের পতনের পর সন্দেহ কিংবা আক্রোশের বশবর্তী হয়ে কারো ওপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল।

অন্তর্বর্তী সরকারের বিষয়ে সোমবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ধ্বংসযজ্ঞ ও লুটতরাজ বন্ধের আহ্বান জানিয়ে তিন বলেন, কেউ যদি অন্য কোথাও পালিয়ে যেয়ে থাকে, বিচারের চেষ্টা সেজন্য ব্যহত হবে না।

“সন্দেহের বশবর্তী, আক্রোশের বশবর্তী, প্রতিশোধের বশবর্তী হয়ে প্লিজ কেউ কারও ওপর আক্রমণ করবেন না। ধ্বংসযজ্ঞ, লুটতরাজ, ও হানাহানি করে যেন কেউ দেশের সম্পদ নষ্ট করতে না পারে।

“আপনারা অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড, একজন আরেকজনকে আক্রমণ, প্রতিশোধমূলক আক্রমণ ও হিংসাত্মক অবস্থান বন্ধ করেন। সবকিছুর বিচার করা হবে। আমরা এখন ওয়েট করবে। এটা আমাদের দেশ। কিন্তু আমরা বৃদ্ধ প্রজন্ম আমাদের দেশের নতুন প্রজন্মের জন্য একটা ভালো দেশ রেখে যেতে পারি নাই।”

কোটা সংস্কার আন্দোলন পর্যায়ক্রমে সরকারপতনের তুমুল আন্দোলনে রূপ নিলে সোমবার দুপুরে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবরে গণভবন, সংসদ ভবনে ঢুকে পড়ে উল্লসিত জনতা। বিকাল থেকে বিভিন্ন থানা ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও প্রাণহানির খবরও আসছে।

সরকার পতনের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিকাল ৪টায় অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। তবে তার আগে কয়েকজনের বৈঠকও করেন তিনি।

ওই বৈঠকে আওয়ামী লীগের কেউ না থাকলেও বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির শীর্ষ নেতাদের পাশাপাশি অধ্যাপক আসিফ নজরুল, কওমি মাদ্রাসাকেন্দ্রিক রাজনৈতিক দল খেলাফতে মজলিসের নেতা মাওলানা মামুনুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী উপস্থিত ছিলেন বলে জানান সেনাপ্রধান।

এরপর রাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার জন্য তিন বাহিনীর প্রধানদের পাশাপাশি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্প্রতি নিষিদ্ধি ঘোষিত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করীম বঙ্গভবনে যান।

এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে সমন্বয়ক আরিফ তালুকদার, আব্দুল্লাহ আল হোসেন, মোবাশ্বেরা করিম যান রাষ্ট্রপতির বাসভবনে।