২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 09:19 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি এমএমএল মায়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দক্ষিণ আফ্রিকা সফরে থাকা প্রধান বিচারপতি রেফাত আহমেদ মঙ্গলবার দেশটির সাংবিধানিক আদালতে প্রধান বিচারপতি মায়ার সঙ্গে এ ব্ঠৈকে নিজ দেশের বিচার বিভাগের অভিজ্ঞতা বিনিময় করেন।

এ বৈঠকের তথ্য দিয়ে সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সামগ্রিক উন্নয়নে তার ঘোষিত রোডম্যাপ কার্যক্রমের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতিকে অবহিত করেন।

এসময় দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির দূরদর্শী নেতৃত্ব এবং মানবাধিকার সুরক্ষায় বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া তিনি দক্ষিণ আফ্রিকার মানবাধিকার কমিশনের নেওয়া বিভিন্ন সাংবিধানিক প্রশ্নের সমাধানের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।