বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদ ‘ফিরে এসেছেন’
“খালেদের মানসিক অবস্থা ভালো না। কাউকে কিছু বলতে পারছে না”, বলেন সমন্বয়ক আব্দুল কাদের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী খালেদ হাসানকে পাওয়া গেছে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মঙ্গলবার রাত সাড়ে ১১টায় তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ফিরে আসেন।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, “খালেদের মানসিক অবস্থা ভালো না। কাউকে কিছু বলতে পারছে না। আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছি।”
জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদ হাসান গত ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। হলে ফিরে আসার পর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদ হাসানকে দেখতে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন। তিনি খালেদ হাসানের দ্রুত সুস্থতা কামনা করেন।
উপাচার্যের সঙ্গে প্রক্টর সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারুক শাহ, ছাত্র আন্দোলনের সমন্বয়ক হামজা ও খালেদ হাসানের স্বজনরা উপস্থিত ছিলেন।
