Published : 20 Jul 2026, 05:00 PM
জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দুই বছরের শিশু আনিফা আক্তার চিকিৎসা ব্যয় বহনের অক্ষম তার পরিবার। এই খবর সংবাদমাধ্যমে আসার পর এ ব্যাপারে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তার অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যান।
তারা আনিফাকে দেখার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেন।
প্রতিনিধি দলের সদস্যরা আনিফার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন, শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। একই সঙ্গে তারা পরিবারের কাছে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেন।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান জাহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড আনিফা আক্তারের সার্বিক শারীরিক অবস্থা, চিকিৎসা-সংক্রান্ত নথি এবং বিভিন্ন পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেন।
মেডিকেল বোর্ড জানায়, চীন থেকে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে পৌঁছালে আনিফা আক্তারের জটিল রোগের বিষয়টি তাদের সামনে উপস্থাপন করা হবে। দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে চীনা দলের যৌথ পরামর্শের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে বিদেশে পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।