কুর্মিটোলায় ফিউনারেল প্যারেডে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের শেষ বিদায়
ঢাকার জানাজার পরে তৌকিরের মরদেহ বিমানবাহিনীর একটি বিমানে করে দাফনের জন্য রাজশাহীতে নিয়ে যাওয়া হয়।
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে শেষ বিদায় জানানো হয়েছে তার ফিউনারেল প্যারেডে।
মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর কুর্মিটোলা বিএফ বাশার ঘাঁটিতে ফিউনারেল প্যারেডের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও ভারপ্রাপ্ত নৌ বাহিনী প্রধানসহ নিহতের পরিবার সদস্যারা উপস্থিত ছিলেন।
ঢাকার জানাজার পরে তৌকিরের মরদেহ বিমানবাহিনীর একটি বিমানে করে দাফনের জন্য রাজশাহীতে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, , নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সোমবার দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলার এ কে খন্দকার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড্ডয়ন করে এফ-৭ বিজিআই যুদ্ধবিমান। এরপর যানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
দুর্ঘটনা মোকাবেলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম যুদ্ধবিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার ‘সর্বাত্মক চেষ্টা’ করেন। তবে ‘দুর্ভাগ্যবশত’ যানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।
আইএসপিআর বলছে, দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত জানানো হবে।
