Published : 12 Dec 2025, 06:13 PM
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন ঘিরে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মেট্রোরেলে নিয়মিত চলাচলকারী যাত্রীরা স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। উপায় না পেয়ে বাসেই বা অন্য কোনো বাহনে যে যার গন্তব্যে ছুটছেন।
শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন মেট্রোরেল স্টেশনের গেইটে দেখা যায় অনেক যাত্রী এসে ফিরে যাচ্ছেন।
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রইসুল ইসলাম বলেন, “আমার মিরপুরে টিউশন বিকাল সাড়ে ৫টায়। মেট্রোরেল বন্ধ থাকায় যাচ্ছি না।”
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এভাবে যে যার ইচ্ছামত আন্দোলন করবে, আর মানুষকে বিপদে ফেলবে।”
আরেক যাত্রী ফরহাদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বাসা দিয়াবাড়ি। আজকে একটা মিটিং থাকায় এসেছিলাম। এখন তো বিপদে পড়লাম। বাসে করেই যেতে হবে।”
মেট্রোরেল স্টেশনের গেইটে নিরাপত্তায় নিয়োজিত আনসার কর্মীরাও বলেছেন, বিকাল থেকে অসংখ্য যাত্রী এসে ফেরত গেছে।
বেঁধে দেওয়া সময়ে ‘স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা’ প্রণয়ন ও প্রকাশ না করায় পূর্ব ঘোষণা অনুযায়ী মেট্রোরেল চলাচল বন্ধ রেখে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন ঢাকা ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
শুক্রবার বেলা ৩টা থেকে উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
এ সময় ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে ফেরত আসেন। পরে এমডিকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। কর্মকর্তা-কর্মচারীদের অনেকে এমডির কক্ষের সামনে অবস্থান নেন।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সর্বাত্মক কর্মবিরতিতে আছি, যার কারণে শুক্রবার কোনো ট্রেন ‘অপারেশনে’ যায়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতিতে থাকবো।”