২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু রোহিঙ্গাকে কানাডায় নেওয়ার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

হাই কমিশনার বলেন, “অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ কিন্তু অসম্ভব নয়।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 10:26 AM

বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাকে কানাডায় পুনর্বাসনের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস সোমবার বিকালে সচিবালয়ে সাক্ষাতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এ অনুরোধ জানান।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কানাডাসহ বিদেশি নাগরিকদের নিরাপত্তা, রোহিঙ্গা পরিস্থিতি, পুলিশ সংস্কার, কৃষি খাতে সহযোগিতা, পাচার হওয়া অর্থ ফেরত আনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।  

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বৈঠকে কানাডার হাই কমিশনার উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা রোহিঙ্গা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশপাশি ক্যাম্পে বসবাসকারী মিয়ানমার নাগরিকসহ সেখানে কাজ করা দেশি-বিদেশি এনজি কর্মী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।”

সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে থেকেও বাংলাদেশ অনেক বছর ধরে ১২ লাখ রোহিঙ্গা উদ্বাস্তুর আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে বলে কানাডার হাই কমিশনারকে স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, এখন সময় এসেছে এ বিশাল জনগোষ্ঠীর নিজ দেশে প্রত্যাবাসন ও অন্য দেশে পুনর্বাসন করার।

উপদেষ্টা এসময় কানাডায় কিছু রোহিঙ্গাকে পুনর্বাসনের অনুরোধ করেন।

বৈঠকে হাই কমিশনার বাংলাদেশে কানাডাসহ বিদেশিদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “নিরাপত্তা নিয়ে বিদেশিদের আশঙ্কার কোনো কারণ নেই। আমরা তাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছি।”

বাংলাদেশের অনেক বড় অপরাধী বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার করে সেখানে আশ্রয় নিয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে হাই কমিশনার লিলি নিকোলস এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। 

একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণসহ আনুষ্ঠানিক প্রস্তাব ও চিঠি দেওয়ার অনুরোধ করেন তিনি।

হাই কমিশনার বলেন, “অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ কিন্তু অসম্ভব নয়।”

পুলিশ সংস্কারের বিষয়টিও বৈঠকে উঠে আসে। আলোচনার এ পর্যায়ে উপদেষ্টা কানাডার সহায়তা চান।

হাই কমিশনার বলেন, “পুলিশ প্রশিক্ষণে কানাডার সহযোগিতা বিষয়ক একটি প্রকল্প বাংলাদেশে চালু রয়েছে। এটিকে সম্প্রসারণের মাধ্যমে এ বিষয়ে কানাডা আরো বেশি ভূমিকা রাখতে পারে।”

লিলি নিকোলস বাংলাদেশে আধুনিক কৃষিপ্রযুক্তি হস্তান্তরে কানাডার অর্থায়নে 'কৃষি প্রযুক্তিকেন্দ্র নির্মাণ' প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টার সহযোগিতা কামনা করলে উপদেষ্টা আশ্বাস দেন।