২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ উপকেন্দ্রে ত্রুটি, ৩ দিন ধরে অন্ধকারে জাপান গার্ডেন সিটি

“সন্ধ্যা নামলেই ভূতের নগরীতে পরিণত হয় জাপান গার্ডেন সিটি,” বলেন এক বাসিন্দা।

বিদ্যুৎ উপকেন্দ্রে ত্রুটি, ৩ দিন ধরে অন্ধকারে জাপান গার্ডেন সিটি
ছবি: সারিশমা ইসলাম দিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 09:56 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম বেকায়দায় পড়েছেন ঢাকার মোহাম্মদপুরে অন্যতম বড় আবাসস্থল জাপান গার্ডেন সিটির বাসিন্দারা।

জেনারেট দিয়ে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বেশিরভাগ সময়ই অন্ধকারে থাকতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের।

গত মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ডুবে যায় ১৫ তলার ২৬টি ভবন। এসব ভবনের ১ হাজার ৬০০ ফ্ল্যাটে প্রায় ১১ হাজার মানুষের বসবাস। ফলে সিঁড়ি বেয়ে ওঠানামা, গৃহস্থালিসহ জরুরি কাজকর্ম সারতে গিয়ে চরম ভোগান্তি হচ্ছে। শিশু-বয়স্ক, শিক্ষার্থী আর রোগীদের দুর্ভোগ আরো বেশি।

বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি বলে সেখানকার বাসিন্দারা জানিয়েছেন।

জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বলছে, তাদের নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্রের ত্রুটির কারণে এমন দুর্ভোগ তৈরি হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করার কথা বলছেন তারা।

জাপান গার্ডেন সিটির ২১ নম্বর ভবনের বাসিন্দা সরদার বাবুল বলেন, “কী যন্ত্রণায় আছি বলা মুশকিল। নয়তলায় থাকি হার্টের রোগী। সিড়ি দিয়ে ওঠানামা করতে হয়।”

আরেকটি ভবনের বাসিন্দা আইনজীবী মিজানুর রহমান বলেন, “ফ্রিজের সব খাবার নষ্ট হয়ে গেছে। ফেলে দিতে হচ্ছে। আর সন্ধ্যা নামলেই ভূতের নগরীতে পরিণত হয়।”

সারিশমা ইসলাম দিয়া নামে ও লেভেলের এক শিক্ষার্থী একটি ভবনের ১৫ তলায় থাকেন। দুই ঘণ্টা জেনারেটর চলার পর আবার বন্ধ করে দেয়। প্রয়োজনে সিঁড়ি দিয়ে তাকে ওঠানামা করতে হয়।

“জাপান গার্ডেন সিটিতে অনেক শিক্ষার্থী রয়েছে। বর্তমানে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। পরীক্ষার্থীরা পড়েছেন মহাবিপদে। ইন্টারনেট লাইন নেই, মোবাইলে চার্জ দেওয়া যাচ্ছে না, আলো নেই ফ্যান নেই- যন্ত্রণা যাকে বলে।”

জাপান গার্ডেন সিটির পরিচালনা পর্ষদের মহাব্যবস্থাপক সফিকুল ইসলাম বলেন, “আমাদের যে সাবস্টেশন (বিদ্যুৎ উপকেন্দ্র) আছে, সেটার কিছু সমস্যা ধরা পড়েছে। তাৎক্ষণিক ঠিক করার চেষ্টা করতে গিয়ে আরেক সমস্যা ধরা পড়ছে।

“ডিপিডিসির সঙ্গে কথা বলে ঠিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আজকে (বৃহস্পতিবার) সমাধান হবে।”

ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী আয়াতুল্লাহ ইমরান আলী বলেন, “মঙ্গলবার মাঝরাতে জাপান গার্ডেন সিটির নিজস্ব উপকেন্দ্রের অভ্যন্তরীণ ত্রুটির কারণে ‘ফিডারটি ট্রিপ’ করে। পরবর্তীতে বিভিন্নভাবে চেষ্টা করার পরের সংযোগ স্থাপন করা যায়নি।

“জাপান গার্ডেন সিটির সমস্যার কারণে দ্রুত সমাধান করা যায়নি। তাদের ত্রুটিপূর্ণ কাজগুলো দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।”