২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীর বাড়ির দুই শিশু গৃহকর্মী খুন্তির ছ্যাঁকা নিয়ে আদালতে

শিশু দুটি বলছে, একটু কিছু হলেই ‘গরম খুন্তির ছ্যাঁকা, কারেন্টের শক, লাঠির পিটুনি’ জুটত কপালে। এসব কথা কাউকে বললে ‘মেরে ফেলার হুমকি’ দেওয়া হত।

আইনজীবীর বাড়ির দুই শিশু গৃহকর্মী খুন্তির ছ্যাঁকা নিয়ে আদালতে
দুই শিশুর শরীরে নির্যাতনের চিহ্ন।

বিডিনিউজ২৪

মামুন খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 02:01 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

ঢাকার নিকেতনের বাসিন্দা এক আইনজীবীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছে তার বাসার গৃহকর্মী দুই শিশু।

মেয়ে দুটির মধ্যে তৃষার বয়স ১২ বছর। আর সুমাইয়ার ১১। তাদের বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে, সম্পর্কে তারা ফুপু-ভাতিজি। 

অভাবের সংসারে এই বয়সেই কাঁধে চেপেছে সংসারের ভার। পরিবার তাদের পাঠিয়েছিল ব্যারিস্টার মো. ওমর শোয়েব চৌধুরীর বাসায় কাজ করতে। 

তারা বলছে, ওই বাসায় কথায় কথায় তাদের নির্যাতনের শিকার হতে হয়েছে। একটু কিছু হলেই ‘গরম খুন্তির ছ্যাঁকা, কারেন্টের শক, লাঠির পিটুনি’ জুটত কপালে। এসব কথা কাউকে বললে ‘মেরে ফেলার হুমকি’ দেওয়া হত। 

দুজনেরই শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। গায়ে দেখা গেল ফোসকা আর দাগ। 

তৃষার বাবা জুয়েল মিয়া মঙ্গলবার রাতে গুলশান থানায় মামলা করেন ব্যারিস্টার ওমর শোয়েব চৌধুরীর বিরুদ্ধে। বুধবার মামলার এজাহার আদালতে আসে। 

ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহবুব এজাহার গ্রহণ করে আগামী ১৪ নভেম্বরের মধ্যে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন গুলশান থানা পুলিশকে। 

সেই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় তৃষা ও সুমাইয়ার জবানবন্দি রেকর্ড করা হয়। সেখানে তারা দুজনই নির্যাতনের বিবরণ তুলে ধরে। 

অভিযোগের বিষয়ে ব্যারিস্টার ওমরের সঙ্গে কথা বলতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

তবে তার স্ত্রী সাথী বলেছেন, দুই শিশু একটি সুযোগ দিলে তারা বিষয়টা ‘ঠিক করে’ দেবেন। কিন্তু দুই শিশুর পরিবার ‘সুযোগ দিচ্ছে না’।

কী অভিযোগ

মামলার বিবরণে বলা হয়েছে, এক বছর আগে তৃষাকে ছয় হাজার টাকা বেতনে নিকেতনের ওই বাসায় কাজ দেওয়া হয়। তখন বলা হয়েছিল, ওমর শোয়েব চৌধুরীর শিশু সন্তানকে দেখাশোনা করতে হবে। ৬ মাস আগে সুমাইয়াকেও ওই বাসায় কাজে পাঠায় তার পরিবার। 

মাঝেমধ্যে ভিডিও কলে দুই শিশুকে তাদের পরিবারের সঙ্গে কথা বলতে দেওয়া হত। তখন তাদের গা-মাথা ওড়নায় ঢেকে কথা বলতে দেওয়া হত। 

বড় বোনের বিয়ে উপলক্ষে তৃষাকে বাড়ি নিয়ে যেতে তার বাবা জুয়েল মিয়া বাসার মালিকের সঙ্গে যোগাযোগ করেন। তখন দুই শিশুকে একসঙ্গে নিয়ে যেতে বলা হয়। 

পরে গত ১৭ অগাস্ট বাসার মালিক দুই শিশুকে জাহিদ হাসান নামের এক ড্রাইভারকে দিয়ে মহাখালী বাসস্ট্যান্ডে পাঠান। তখন তাদের নিয়ে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় যান জুয়েল। 

বাড়ি গিয়ে দেখেন তৃষা ও সুমাইয়ার হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য পোড়া, ছ্যাঁকা এবং আঘাতের চিহ্ন। দুই শিশু তখন জানায়, বাসায় কাজে সামান্য ভুলত্রুটি হলেই গৃহকর্তা ওমর শোয়েব চৌধুরী তাদের উপর শারীরিক নির্যাতন চালাত। 

আদালতে তৃষা এই প্রতিবেদককে বলে, “আমাদের মারত। খুন্তির ছ্যাঁকা দিতে, কারেন্টের শক দিত, লাঠি দিয়ে মারত। ডেইলি ডেইলি মারত, এক বছর ধরে মারছে। মার খেয়ে আমার সামনের একটা দাঁত পড়ে গেছে।”

সুমাইয়া বলে, “আমরা বাসার সব কাজ করতাম। কাজ শেষে রাতে বাসায় ফিরতেন উনি (ব্যারিস্টার মো. ওমর শোয়েব চৌধুরী)। তখন তার পা টিপে দিতে হত। পা টিপতে গিয়ে ঘুমিয়ে পড়লে মারধর করত। কারেন্টের শক দিত।”

এই শিশুর ভাষ্য, ব্যারিস্টার ওমর এবং তার স্ত্রী সাথী দুইজনই মারধর করতেন। চাইলেই তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারত না। এমনকি ঠিকভাবে খেতেও দেওয়া হত না।

তৃষার বাবা জুয়েল মিয়া বলেন, “অভাবের সংসার। এজন্য মেয়েটাকে কাজে দিয়েছিলাম যে সুন্দরভাবে চলতে পারবে, খেতে পারবে। মেয়েটার কি অবস্থা করছে দেখেন। 

“ফোনে কথা বলতে দিলে মুখে মাস্ক পড়িয়ে দিত। গা-মাথা ওড়নায় ঢেকে দিত। সুমাইয়ার সাথেও একই কাজ করেছে। ওদের গায়ে বিভিন্ন জায়গায় ক্ষত। আমি সুষ্ঠু বিচার চাই।”

মেয়ের কাজের বেতন বাবদ এখনো ৩/৪ মাসের টাকা পাওনা বলে জুয়েল মিয়ার ভাষ্য। 

সুমাইয়ার বাবা বাবুল মিয়া বলেন, “বাচ্চা দেখাশোনাসহ বাসার সব কাজ তাদের দিয়ে করানো হতো। রাতে যখন তারা ঘুমাতে যাবে, তখন বাসার মালিকের পা টিপে দিতো হত। ঘুমের জন্য চোখ বুজে ফেললে তাদের লাথি মারত। একজন শিক্ষিত মানুষ কীভাবে এই নির্যাতন করতে পারে!”

বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন কাদের সাউন বলেন, “দরিদ্র পরিবার, অভাব-অনটনের কারণে মেয়ে দুটোকে গৃহকর্মীর কাজে দিয়েছিল পরিবার। কিন্তু তাদের পা টেপানোর মত অনৈতিক কাজে বাধ্য করা হত। রাজি না হওয়ায় নির্যাতন করা হত।”

আদালত শিশু দুটিকে তাদের পরিবারের জিম্মায় দিয়েছে জানিয়ে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. জসীম উদ্দিন বলেন, “ওমর শোয়েব চৌধুরীকে গ্রেপ্তারে অভিযান চালানো হবে।”

‘ফাঁসিয়ে দিচ্ছে’

ওমর শোয়েব চৌধুরীর মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। তবে তার স্ত্রী সাথীর সঙ্গে মোবাইলে কথা বলতে পেরেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “উনি (ওমর শোয়েব চৌধুরী) তো বাসায় থাকেন না। নির্যাতন করবে কেমনে।”

উল্টো দুই শিশুর দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, “ওরা মিথ্যা বলছে।”

সাথী বলেন, “আমি আমার দুই বাচ্চাকে নিয়ে খারাপ অবস্থার মধ্যে আছি। ওরা (তৃষা, সুমাইয়া) ছোট। ওরা আমার বাচ্চার দুধের বোতলের মধ্যে জর্দা মিশিয়ে রাখত, বাথরুমে বাথটাবে আমার বাচ্চাদের পানিতে চুবিয়ে রাখত। খাবারের সাথে ঘুমের ওষুধ মেশাত। 

“তৃষা যখন আমার বাসায় আসে, তখন ওর শরীরে অনেক দাগ ছিল। আমি জিজ্ঞাসা করলে বলেছে, চুরি করত, জর্দা খেত। এজন্য তার বাবা তাকে প্রত্যেক দিন মারত। বাজারে সবজি টোকাত, চুরি করত। সবাই ওকে অপছন্দ করত।”

ব্যারিস্টার ওমরের স্ত্রী বলেন, “৪/৫ দিন আগে আমি আছরের নামাজ পড়ছিলাম রুমের মধ্যে। তৃষা ছুরি নিয়ে আগাচ্ছে। এটা দেখে আমি ওকে কয়েকটা থাপ্পড় মারি, এটা অস্বীকার করব না। কিন্তু আরও যা যা বলছে সত্য না।”

ওই দুই শিশুর পরিবার ওমর শোয়েব চৌধুরীকে ‘টার্গেট করেছে’ অভিযোগ করে সাথী বলেন, “কারণ টাকার সব লেনদেন হত তার সাথে। তৃশাতে আর বাসায় রাখা হবে না জানানো হলে সে ক্ষিপ্ত হয়। তৃষা আমরা স্বামীকে দেখে নেবে বলে হুমকি দেয়। আর তৃষার বোনের বিয়ে, তারা টাকা দাবি করেছিল। কিন্তু আমরা তাদের দেইনি দেখে এমনটা করছে।”

শুরুতে অভিযোগ অস্বীকার করলেও আলাপের এক পর্যায়ে সাথী বলেন, “এক হাতে তালি বাজে না। দোষ সবারই ছিল। ওরা বাচ্চা মানুষ। ওদের ভবিষ্যৎ নষ্ট হোক তা চাই না। 

“ওরা আমাদের একটা সুযোগ দিলে আমরা বিষয়টা ঠিক করে দেব। কিন্তু ওরা আমাদের সুযোগ দিচ্ছে না। বিনা কারণে আমাদের ফাঁসিয়ে দিচ্ছে।”