Published : 29 Jun 2026, 12:56 AM
স্থানীয় সরকারের নির্বাচনকে সামনে প্রস্তুতিমূলক কাজ নিয়ে ‘কর্মপরিকল্পনা তৈরিতে’ মাঠ কর্মকর্তাদের তথ্য পর্যালোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এক সভায় প্রাথমিকভাবে বেশ কিছু আলোচনা হওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
দেশের নির্বাচন উপযোগী ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৬১টি জেলা পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশনের বিভিন্ন পদের বিষয়ে ইতোমধ্যে তথ্য সংগ্রহ করেছে ইসি।
ভোটের প্রস্তুতির লক্ষ্যে আচরণবিধি হালনাগাদ করা হচ্ছে। এরই অংশ হিসেবে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য আলাদা আচরণবিধির খসড়ার বিষয়ে ৩০ জুন মতামত চেয়েছে ইসি।
এমন পরিস্থিতি রোববার অনানুষ্ঠানিক সভায় সার্বিক অগ্রগতির তথ্য পর্যালোচনা করা হয়।
স্থানীয় সরকার নির্বাচনের জন্য কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজের অংশ হিসেবে আলোচনা চলছে। তবে সরকারের তরফ থেকে এখনও এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “রোববার আমরা আলোচনা করেছি প্রাথমিকভাবে, প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে। আমরা অক্টোবরকে একটা টার্গেট ধরে কাজ করছি। মাঠ পর্যায়ের সব তথ্য আমরা পেয়ে গেছি-কতটি ভোটের জন্য এখন প্রস্তুত রয়েছে। কিছু সংখ্যক ছাড়া সবই প্রস্তুত আছে।”
তিনি বলেন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা, সিটি করপোরেশন-এগুলোতে এখন প্রশাসক রয়েছে সরকারের। শুধু ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি রয়েছে।
“আমরা হিসাব নিয়েছি-স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কতগুলো ২০২৬ সালে ও ২০২৭ সালে নির্বাচন করা যায়। ‘অল মোস্ট’ সবই করা যায়। আমরা আলোচনা করবে (সরকারের সাথেও), ‘নিড বেসিসে’ করব। যদি এবার বন্যা হয় তাহলে পৌরসভা দিয়েও আমরা শুরু করতে পারি নির্বাচন। অথবা ইউনিয়ন থেকে শুরু করতে পারি।”
২০২১ সালের শুরুতে ধাপে ধাপে পৌরসভা, ২০২১ সালের এপ্রিলে শুরু হয়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি), ২০২২ সালের অক্টোবরে একদিনে জেলা পরিষদ এবং ২০২৪ সালে ধাপে ধাপে উপজেলা পরিষদের ভোট হয়। সবশেষ ময়মনসিংহ সিটি করপোরেশনে ভোট হয় ২০২৪ সালের মার্চে।
সেক্ষেত্রে ধাপে ধাপে পৌর ও ইউপি ভোট শুরু করতে চায় বর্তমান নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “পৌরসভা আর ইউনিয়ন পরিষদ ছাড়া এবার (প্রথম ধাপে) আপাতত আমাদের পরিকল্পনা নেই। এ দুটি দিয়ে নির্বাচন শুরু করতে হবে। সিটি করপোরেশনে প্রশাসক রয়েছে।”
তিনি মনে করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ধাপে ধাপে ২০০ বা ২৫০ বা ৩০০ করে যেভাবে করা হত, সেভাবে হতে পারে।
“পৌরসভা একদিনে করা হবে নাকি ধাপে ধাপে করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ৩৩০টা একদিনে করা যায় কিনা চেষ্টা করব আমরা; অসম্ভব বলে মনে করি না।”
পুরোনো খবর:
স্থানীয় নির্বাচন: অগাস্টে তফসিলের ভাবনা ইসির
স্থানীয় সরকার: নির্বাচন উপযোগী ৫ প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য সংগ্রহে ইসি
স্থানীয় সরকার নির্বাচনের ৫ স্তরের আচরণবিধির খসড়া প্রকাশ
সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে ফখরুল