Published : 10 Mar 2026, 11:48 PM
নির্বাচন উপযোগী সিটি করপোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের হালনাগাদ তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন সচিবালয়।
আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের সময়, প্রথম সভা, মেয়াদ, সীমানা জটিলতা, কবে নির্বাচন উপযোগী হয়েছে বা হবে-এসব বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।
মঙ্গলবার নির্বাচন কমিশন-ইসি এ সংক্রান্ত চিঠি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছে।
এএমএম নাসির উদ্দিন কমিশনের অধীনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হয়। ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট রয়েছে। এরইমধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট আয়োজনের প্রস্তুতি চলছে।
গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের সময়ে নির্বাচিত চারটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অপসারণ করলেও সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের এখনও অপসারণ করা হয়নি। তবে তাদের কেউ কেউ কারাবন্দি, অনেকেই এলাকাছাড়া।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অগাস্টে ১২ সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪ জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়।
তখন চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতে রায়ে নির্বাচিত মেয়র বিএনপির শাহাদাত হোসেন দায়িত্ব নিলেও বাকি সিটি করপোরেশন প্রশাসক দিয়ে পরিচালিত হয়।
বিএনপি সরকার এসে ঢাকার দুই সিটিসহ ছয় সিটির প্রশাসকের দায়িত্বে বসায় দলের নেতাদের।
সবশেষ ২০২১-২০২২ সালে সাত ধাপে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছিল। এ বছরের মাঝামাঝি সময় থেকে ধাপে ধাপে নির্বাচন উপযোগী হবে এসব পরিষদ।
ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচন কবে হতে পারে?
স্থানীয় সরকার মন্ত্রী ইতোমধ্যে বলেছেন, “যত দ্রুত সম্ভব, আমরা এগুলোতে নির্বাচনের ব্যবস্থা করব। যত দ্রুত সম্ভব, এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদও বলেছেন, ঈদের পরে কমিশন বসে স্থানীয় সরকারগুলোর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কোন নির্বাচন কখন হবে সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে উদ্যোগ নিতে পারে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
অন্তর্বর্তী সরকারের সময় একটি চিঠি এলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এখনও অনুরোধ আসেনি ইসিতে।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের বিষয়ে মঙ্গলবার ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত চিঠি সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়।
তিনি বলেছেন, “প্রস্তুতির অংশ হিসেবে আমরা মাঠ কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় হালনাগাদ তথ্য নিচ্ছি। ইসির নির্দেশনা পেলে যেন দ্রুত তথ্য সরবরাহ করতে পারি ও উপস্থাপন করতে পারি।”
চিঠিতে বলা হয়েছে, “স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তথ্য হালনাগাদ করার লক্ষ্যে অঞ্চল ভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্যাদি প্রস্তুত করা প্রয়োজন।”
আগামী ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য ‘জরুরি ভিত্তিতে’ নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।
১২ সিটি করপোরেশনের ভোট ও মেয়াদ
|
সিটি |
নির্বাচন |
প্রথম সভা |
মেয়াদ শেষের ১৮০ দিন |
|
ঢাকা উত্তর |
২ ফেব্রুয়ারি ২০২০ |
৩ জুন, ২০২০ |
৫ ডিসেম্বর ২০২৪ থেকে ২ জুন ২০২৫ |
|
ঢাকা দক্ষিণ |
২ ফেব্রুয়ারি ২০২০ |
২ জুন, ২০২০ |
৪ ডিসেম্বর ২০২৪ থেকে ১ জুন ২০২৫ |
|
চট্টগ্রাম |
২৭ জানুয়ারি ২০২১ |
২৩ ফেব্রুয়ারি ২০২১ |
২৭ অগাস্ট ২০২৫ থেকে ২২ ফেব্রুয়ারি ২০২৬ |
|
নারায়ণগঞ্জ |
১৬ জানুয়ারি ২০২২ |
১৪ মার্চ ২০২২ |
১৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৩ মার্চ ২০২৭ |
|
কুমিল্লা |
১৫ জুন ২০২২ |
৭ জুলাই ২০২২ |
৮ জানুয়ারি থেকে ৬ জুলাই ২০২৭ |
|
রংপুর |
২৭ ডিসেম্বর ২০২২ |
১৯ ফেব্রুয়ারি ২০২৩ |
২৩ অগাস্ট ২০২৭ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৮ |
|
খুলনা |
১২ জুন ২০২৩ |
১১ অক্টোবর ২০২৩ |
১৪ এপ্রিল থেকে ১০ অক্টোবর ২০২৮ |
|
বরিশাল |
১২ জুন ২০২৩ |
১৩ ডিসেম্বর ২০২৩ |
১৬ জুন থেকে ১২ ডিসেম্বর ২০২৮ |
|
রাজশাহী |
২১ জুন ২০২৩ |
২০ অক্টোবর ২০২৩ |
২৩ এপ্রিল খেকে ১৯ অক্টোবর ২০২৮ |
|
সিলেট |
২১ জুন ২০২৩ |
৪ ডিসেম্বর ২০২৩ |
৭ জুন থেকে ৩ ডিসেম্বর ২০২৮ |
|
ময়মনসিংহ |
৯ মার্চ ২০২৪ |
|
২০২৯ |
২০২১ সালের শুরুতে ধাপে ধাপে পৌরসভা, ২০২১ সালের এপ্রিলে শুরু হয়ে ধাপে ধাপে ইউপি, ২০২২ সালের অক্টোবরে একদিনে জেলা পরিষদ এবং ২০২৪ সালে ধাপে ধাপে উপজেলা পরিষদের ভোট হয়।
আগের খবর:
স্থানীয় সরকারে নির্দলীয় নাকি দলীয় প্রতীকে ভোট, সিদ্ধান্ত সংসদের
এবার স্থানীয় সরকার ভোটের পালা, আগে ঢাকা-চট্টগ্রাম?
সপ্তম ধাপে ইউপি ভোট সার্বিকভাবে ভালো হয়েছে: ইসি