২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ ও হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুদকের আলাদা পাঁচটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

দুর্নীতির অভিযোগ থাকায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—আবু সাঈদ মো. মাসুদ ও মুহাম্মদ হাবিবুর রহমান খানসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। 

দুর্নীতিম দমন কমিশনের (দুদক) আলাদা পাঁচটি আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান। 

নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাকি ছয়জন হলেন, হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘স্বার্থ সংশ্লিষ্ট’ ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ। 

আটজনের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক  ইকরাম হোসেন জেনসন।

আবেদনে বলা হয়, মাসুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাই আসামির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন। 

একই ধরনের যুক্তি তুলে ধরে  অবসরপ্রাপ্ত ল্যাফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান দম্পতির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত।