Published : 02 Aug 2025, 08:17 PM
অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; যারা দেশটির একটি সামরিক বিমানে করে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
শনিবার সকাল ৬টা ৫০ মিনিটের দিকে তাদের বিমানবন্দরে আসার তথ্য দেন পুলিশের ইমিগ্রেশন বিভাগের বিশেষ পুলিশ সুপার আবু সুফিয়ান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের একটি সি-১৭ উড়োজাহাজে করে তাদের বাংলাদেশে আনা হয়। ৩৯ জনের এ দলের মধ্যে একজন নারী রয়েছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তারা চলে যান।
ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের ব্যাপক কড়াকডির মধ্যে এ দফায় তাদের দেশে ফেরত পাঠানো হল।
এর আগেও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকার অভিযোগে কয়েক দফায় বেশ কিছু সংখ্যক বাংলাদিশেকে দেশে ফেরত পাঠানো হয়।
এ দফায় প্রথমে ৬০ জনের একটি তালিকা দেওয়া হলেও তাদের মধ্যে ৩৯ জনকে ঢাকায় ফেরত পাঠানো হয় বলে এক কর্মকর্তা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্র একটি তালিকা পাঠিয়েছিল। এর প্রেক্ষিতে বিভিন্ন সংস্থার মাধ্যমে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে তারা বাংলাদেশ। এরপর উড়োজাহাজ থেকে নামার অনুমতি দেওয়া হয়।
প্রথম দফায় ট্রাম্প প্রশাসনের ৪১ জনকে ফেরত পাঠানোর তথ্য দিয়ে তিনি বলেন, এর আগে তাদের জানিয়ে দেওয়া হয় বাংলাদেশি হিসেবে নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণ করা হবে না।
“মূলত এসব বাংলাদেশির সেখানে বসবাসের জন্য বৈধ কোনো কাগজ ছিল না।”
ট্রাম্প প্রশাসন শুধু বাংলাদেশি নয় অন্যান্য দেশের ক্ষেত্রেও এমনটি করছে, যোগ করেন তিনি।
তবে ফেরত আসা এসব বাংলাদেশি কত দিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তাৎক্ষণিকভাবে তা বলতে পারেননি তিনি।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন। কড়াকড়ির মধ্যে বিভিন্ন দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠাতে শুরু করে দেশটি, যা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।