২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে সেনাপ্রধানের ইফতার

তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজ খবর নেন সেনাপ্রধান।

আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে সেনাপ্রধানের ইফতার
ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের সময় কুশল বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 09:21 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ ইফতার আয়োজনের সময় তিনি আহত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন।

রোববার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে সেনাবাহিনী ইফতার ও নৈশভোজের এ আয়োজন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

অভ্যুত্থানে আহতদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ”এটা মনে করিয়ে দেওয়া যে আমরা সবসময় তাদের পাশে থাকবো তাদের সাথেই থাকব। তাদের এখানে অনেকে আহত অনেকে চলাফেরা করতে পারেন না দেখতে পারেন না। আমি অ্যাসুরেন্স দিচ্ছি যে সবসময় আপনাদের পাশে থাকব।”

ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের সময় কুশল বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর।

ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের সময় কুশল বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

আহতদের আর্থিক সহায়তা দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা ৪০০০ এর উপরে আহতদের চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য-সহযোগিতা সবসময় থাকবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা পুনর্বাসনের জন্য।

”আর্থিক সহায়তা সব সময় আপনারদের প্রতি থাকবে ইনশাল্লাহ। আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান। আপনার দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।“

আইএসপিআর বলছে, ইফতার ও নৈশভোজে আহত শিক্ষার্থী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-অগাস্টে গণ অভ্যুত্থানের সময় আহত ৪ হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদানের পাশপাশি আহত ৯৮৯ জনের সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। বর্তমানে ৩৯ জন ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।