হ্যাকারের কবলে আবহাওয়ার ওয়েবসাইট, ৫ ঘণ্টা পর উদ্ধার
মঙ্গলবার সকাল ৭টার দিকে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটটি হ্যাকারদের কবলে পড়ে।
হ্যাকারের কবলে পড়ার পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ওয়েবসাইটটি আক্রান্ত হয় বলে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাদের আইটি টিম সেটা উদ্ধার করেছে। এরকম তো হতেই পারে। সবাই জানতে চায়, কখন হয়েছে, কীভাবে হয়েছে, কারা করেছে। সেটা জানার জন্য আমাদের আরও সময় লাগবে।”
সকাল ৯টা নাগাদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে ওয়েবসাইটের বাংলা ভার্সন ঠিকঠাক দেখালেও, ইংরেজি ভার্সনে ক্লিক করলে সেটি ‘হ্যাকড’ দেখাচ্ছিল।
সেখানে লেখা ছিল, HACKED BY ODIYAN911. ~TE4M UCC INDIAN H4CKERS ~, Behind Every Mask, There is a Face And Behind That, A Untold Story. PLAY music লেখা।
ওয়েবসাইটের নিচ দিয়ে স্ক্রল যাচ্ছিল- ODIYAN & SOLVEIG & SHUBH & BINARY-USER & ZODIAC & H3ROIC-CHAD & ANON_SEC_101.
দুপুর ১টার দিকে অধিদপ্তরের বাংলা ও ইংরেজি দুই সংস্করণেই প্রবেশ তথ্য ঠিকঠাক পাওয়া গেছে।
