রাজধানীতে দুই দুর্ঘটনায় চারজনের মৃত্যু
দুটি দুর্ঘটনাই ঘটেছে ট্রাকের ধাক্কায়।
রাজধানীতে শুক্রবার রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়। আর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ও এক তরুণীর মৃত্যু হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চলে নিহত হয়েছেন অটোরিকশার যাত্রী হারুন রহমান (৩২) ও চালক আব্দুল আলিম (৬৫)। একই ঘটনায় আহত হয়েছেন হারুনের স্ত্রী বৃষ্টি ও বোন হ্যাপি।
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার দশকাহানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন মহাখালী এলাকায় থাকতেন। আর অটোরিকশার চালক আব্দুল আলীম থাকতেন মধ্য বাড্ডা এলাকায়।
সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ট্রাক চাপায় নিহত দুজন হলেন সাজু আহমেদ সুমন (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আহম্মেদ তুষা (২০)।
সাজু আহমেদ গণপূর্ত অধিদপ্তরে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ। আর তার মেয়ে লেখাপড়া করছিলেন।
তাদের উদ্ধার করে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক জানান, নিহত চারজনের মৃতদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
