সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সরে যেতে চাই: পররাষ্ট্র উপদেষ্টা
রূপান্তরের প্রক্রিয়ায় আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “আমার সঙ্গে এ নিয়ে তারা কোনো কথা বলেনি।”
সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব শেষ করার কথা যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্টকে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বিকালে সাংবাদিকদের প্রশ্নে এমন আলোচনা হওয়ার কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহের বিষয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “আমি যদি বলি নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ নেই তাহলে সঠিক কথা বলা হবে না। তারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী। তারা জানতে চেয়েছে কীভাবে আমাদের সহায়তা করতে পারে।
“আমি তাদেরকে সুস্পষ্টভাবে বলেছি, এখানে আমাদের কারও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আমরা আসলেই একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে সরে যেতে চাই।”
গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টানা সাড়ে ১৫ বছরের শাসন অবসানের পর বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়।
দায়িত্ব গ্রহণের পর গত ১০০ দিনে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ ও প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচন আয়োজনের কোনো রূপরেখা না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বলে আসছে, সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পর জাতীয় নির্বাচন হবে।
তবে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো বলে আসছে, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে সংস্কারের দায়িত্ব মূলত পালন করবে রাজনৈতিক দলগুলো। দ্রুত নির্বাচন আয়োজনের কথা বলার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সময় দেওয়ার কথাও বলছে তারা।
রাজনৈতিক পরিমণ্ডলে এমন অবস্থার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথম কোনো উচ্চ পর্যায়ের সফরে শনিবার দুপুরে ঢাকায় যুক্তরাজ্যের আসেন ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট।
রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাথরিন ওয়েস্ট বলেন, “আমরা জানি আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত এবং জাতীয় আপসরফার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এসব উদ্দেশ্য সাধনে যুক্তরাজ্য সরকারের পূর্ণ সমর্থন রয়েছে।”
এক সাংবাদিকের প্রশ্নে জাতীয় সমঝোতার ক্ষেত্রে ভবিষ্যতের রূপরেখা অধ্যাপক ইউনূসের সরকার করবে বলেও প্রত্যাশার কথা বলেন তিনি।
রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্যও সমান সুযোগ সৃষ্টির উদ্যাগ ব্রিটেন চায় কি না, এমন প্রশ্নে ক্যাথরিন ওয়েস্ট বলেন, “অবশ্যই এবং আমরা চাই, সবকিছু কীভাবে এগিয়ে যাবে, সেটার রূপরেখা অধ্যাপক ইউনূস সরকার দেবে এবং পরবর্তী ধাপে যাওয়ার যাত্রায় যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সহায়তা করতে চাইবে।”
বাংলাদেশে রূপান্তরের প্রক্রিয়ায় যুক্তরাজ্য সরকারের আগ্রহের বিষয়ে করা প্রশ্নে সংস্কার কমিশনের কাজের পথ ধরে এগোনোর কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য। তাতে যেটুকু সময় লাগবে, এখনও তারা স্পষ্ট নন।
“কতগুলো কমিশন গঠন করা হয়েছে, তারা তাদের কাজ করুক, প্রতিবেদন দিক, তারপরে আমরা বুঝতে পারব কত তাড়াতাড়ি আমরা এই কাজটা করতে সক্ষম হব।”
রূপান্তরের প্রক্রিয়ায় আওয়ামী লীগের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, “আমার সঙ্গে এ নিয়ে তারা কোনো কথা বলেনি।”
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানার কিছু নেই। আমরা অবশ্য তাকে ভিসার ব্যাপারে সহায়তা করছি। আমরা চাই, চিকিৎসার জন্য উনি যেতে পারুক।”
অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ব্রিটেন থেকে ফেরানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “দুদেশে মধ্যে এ বিষয়ে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিউর (এসওপি) আছে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখানে বৃহত্তর স্বার্থ আছে। অবৈধ অভিবাসনের বন্ধ করতে না পারলে বাংলাদেশ অবৈধ অভিবাসনের সুযোগটা পাবে না।”
