২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন আরো দুই উপদেষ্টা

১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের আরো এক সদস্যের শপথগ্রহণ বাকি রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2024, 01:29 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক বিধান রঞ্জন রায়।

রোববার দুপুরে বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

একই অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

ছাত্র-জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

সেদিন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। 

তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সৈয়দা রিজওয়ানা হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, সালেহউদ্দিন আহমেদ, এম সাখাওয়াত হোসেন, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এএফ হাসান আরিফ, মো. তৌহিদ হোসেন এবং আ ফ ম খালিদ হাসান।

১৭ সদস্যের এই অন্তর্বর্তী সরকারের তিনজন ঢাকার বাইরে থাকায় তারা সেদিন শপথ নিতে পারেননি। তাদের মধ্যে সুপ্রদীপ চাকমা ও অধ্যাপক বিধান রঞ্জন রায় রোববার শপথ নিলন।

অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরার পর তার শপথ নেওয়ার কথা রয়েছে।