লঞ্চ থেকে নদীতে আবর্জনা ফেললে ব্যবস্থা: পরিবেশ অধিদপ্তর
খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনা নদীতে না ফেলে লঞ্চের নির্ধারিত ময়লার ঝুঁড়িতে ফেলার কথাও বলেছে অধিদপ্তর।
সদরঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চে একবার ব্যবহার করা কোনো প্লাস্টিক পণ্য ও পলিথিন বহন না করতে নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
সেই সঙ্গে খাবারের উচ্ছিষ্ট ও আবর্জনা নদীতে না ফেলে লঞ্চের নির্ধারিত ময়লার ঝুঁড়িতে ফেলার কথাও বলেছে অধিদপ্তর। নির্দেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাতে বলা হয়েছে, এ বিষয়ে যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে সুপারভাইজার ও স্টাফসহ লঞ্চ কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শুক্রবার ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
নৌপুলিশের সহযোগিতায় প্রতিটি লঞ্চে ময়লার নির্ধারিত ঝুড়ি রয়েছে কী না তা পরিদর্শন করা হয় অভিযানে। যেখানে পর্যাপ্ত ঝুড়ি যাওয়া যায়নি, সেসব লঞ্চে দ্রুত তা সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।
পাশাপাশি, নৌপুলিশকে এ বিষয়ে তদারকি জোরদারের নির্দেশ দিয়েছে অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের সময় নৌপুলিশ হ্যান্ড মাইকের মাধ্যম এসব নির্দেশনার কথা জানিয়ে যাত্রীদের সচেতন করে।
