২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঈনুল আহসান সাবেরের ‘আবদুল জলিল যে কারণে মারা গেল’

mehdi_ullah

Published : 02 Sep 2015, 10:24 AM

Updated : 03 Oct 2022, 11:25 AM

নিজ দেশে নাগরিকের 'ঔপনিবেশিক-মৃত্যু'ই দেশের মৃত্যু ঘটায়!

একটি দেশের গুরুত্বপূর্ণ লেখকরা যখন অধিকাংশ ক্ষেত্রে সমকালীন বাস্তবতাকে এড়িয়ে যান, বসবাস করেন অন্যকোনো জগতে, বেশিরভাগ ক্ষেত্রে তা ইতিহাসে কিংবা প্রবাসে, নস্টালজিয়ায় আর পিছুটানের পরম্পরায় তখন কী ঘটে? সে দেশের সাহিত্যিকরা হয়ে পড়েন 'বর্ণচোরা' আর তাঁদের হাতে সৃষ্ট সাহিত্য পাঠকের জন্য কেবলই পলায়নপর সাহিত্যিকের সাহিত্য-পসরা। গত কয়েক বছরে বাংলাদেশের যে উপন্যাসগুলোতে সাহিত্যের পৃষ্ঠপোষক গোষ্ঠী আলো ফেলেছে তা থেকে এটাই প্রতীয়মান হয়েছে, তারাও বর্তমান বাংলাদেশের বাস্তবতাকে আধিপত্যবাদী গোষ্ঠীর কাছ থেকে আড়াল করতে চাইছে। দেশীয় ও ইউরোপীয় এই দুই গোষ্ঠীর চাওয়াটা মিলে গেলে একটা জিনিস খুব সুখকর হয় নতুন করে যারা উপনিবেশ স্থাপন করতে চায় তাদের জন্য, তারা কিছু একটা চাপিয়ে দেওয়ার সুযোগ পায় তখন। যেহেতু নিজের দেশের বর্তমান সংকটগুলোকে স্বদেশের লেখকরা আড়াল করে দিয়েছেন তাতে তারা দেশের ওপর ও মানুষের ওপর তাদের বাসনাকে চাপিয়ে দিতে পারছে, যা তারা চায় বা চেয়েছে। এটাই ঘটছে বাংলাদেশের বেলায়।

পাশ্চাত্য এখন আর প্রাচ্যের সাহিত্য থেকে বা বৃহৎ পরিসরে এর কালচারাল টুলগুলো থেকে একে জানতে আগ্রহী নয়। এ বিষয়ে তারা প্রযুক্তি, এজেন্টসহ ভিন্ন মাধ্যমগুলো ব্যবহার করছে। না জানতে চাওয়ার এটাও একটা কারণ, যে একশ বছর হয়ে গেলেও বাংলা কিংবা ভারতীয় ভাষার অন্য কোনো সাহিত্য আর নোবেল পায় নি, বড়কথা এনিয়ে পাশ্চাত্যের আগ্রহ নাই বললেই চলে।
এখন বরং বাংলাদেশি কথাসাহিত্যিকরা ইতিহাস বা পেছনের কোনো বিষয়বস্তুকে আশ্রয় করে বেশি করে উপন্যাস লিখে বর্তমান থেকে সরে যাচ্ছে, এ পলায়নবাদীতার ফলে আজকের, সমকালীন রাজনীতি-অর্থনীতি-ধর্ম-মানুষ প্রভৃতি সম্পর্কে সঠিক কোনো ধারণা না জমায় এই সুযোগে পাশ্চাত্য তাদের মতো করে একটা নিজস্ব ধারণা চাপিয়ে দিচ্ছে এখানকার মানুষের প্রতি। তাই আমরা এখনো তাদের বগলের তলায়। সাহিত্য-ফর্মে বা বিশেষ করে উপন্যাসে বর্তমান বাংলাদেশের মনুষ্যসৃষ্ট ক্রাইসিসগুলোকে লেখকরা আড়াল করছেন বলেই, এখানকার ইসলামের নামে রাজনীতি করা কোনো দল একটা ভুল সিদ্ধান্তে গেলেও দোষটা পড়ে টোটাল ইসলামিক ভাবমূর্তিতে। এখানকার মানুষ মুসলিম, তারা মধ্যযুগ থেকেই একটা নিজস্ব ধর্ম কাঠামো তৈরি করেছে। যে স্বার্থে হিন্দু-মুসলমানে দাঙ্গা লাগানো হয়েছে, সে স্বার্থেই আজ জঙ্গিবাদ উৎপন্ন করা হচ্ছে। আমরা যেহেতু আমাদের শিল্প-সাহিত্যে অতিমাত্রায় সেক্যুলার হওয়ার আকাঙক্ষায় 'ইসলাম' সংক্রান্ত সমস্যাকে এড়িয়ে যাচ্ছি, ফলে এই সংকট বাঙালি মুসলমানকেই পাশ্চাত্যের চোখে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছে। আমাদের সাম্প্রতিক সময়ের সাহিত্য আমাদের কথা বলছে না। এর বদলে ইতিহাসের কথা বলছে। একদল আছে সূদুর অতীতে বাদশাহী আমলে, আরেকদল আছে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে। মুক্তিযুদ্ধ নিয়ে লিখিত অধিকাংশ উপন্যাসেই পূর্ববাংলার মাটি ও মানুষ নাই, আছে যুদ্ধকালীন পরিস্থিতি, যুদ্ধশুরু থেকে যুদ্ধশেষ–যুদ্বসর্বস্ব ন্যারেশন। যাতে, হিরো আর ভিলেন আগে থেকে ঠিক করা থাকে। আমরা 'কুরুক্ষেত্র'কে মাথায় রেখে উপন্যাস-গল্প লিখেছি, 'হস্তিনাপুর' আমাদের মাথায় নাই। অতিমাত্রায় সেক্যুলার হতে গিয়ে মুক্তযুদ্ধভিত্তিক উপন্যাসগুলোতে আমরা মুক্তিযোদ্ধাদের খণ্ডিতভাবে উপস্থাপন করেছি। হানাদারের ধর্ম 'ইসলাম' বলে আমরা নিজেরাই 'মুসলিম চারিত্র্য' লুকিয়ে রেখেছি উপন্যাসগুলোতে! এটা হীনমন্যতা হয়েছে। ফলে আমরা আমাদের সাহিত্যে পূর্ববাংলার সংখ্যাগরিষ্ট মানুষের (যারা দেশ স্বাধীন করেছে) মূল পরিচয় চিহ্নিত করে তুলে ধরতে পারিনি বলেই আজকের বাংলাদেশে সেই একই মানুষরা নানা পরিচয় ধারণ করছেন, কারণ আমরা আমাদের নিজেদের চিনি না বলেই আমরা নতুন পরিচয় নিচ্ছি খুব সহজে। মুক্তিযুদ্ধের ইতিহাস হয়ে পড়ছে নানা রকম। একেক দলের জন্য একেক রকম। এখন মুক্তিযুদ্ধের বিপক্ষশক্তি আমাদের সেই পরিচয় বেহাত করার চক্রান্ত করছে, যে পরিচয় সাহিত্যিকরা উপন্যাসে নির্মাণ করতে ব্যর্থ হয়েছেন।
এই কারণেই আজকের বাংলাদেশে মুক্তিযুদ্ধপক্ষের শক্তি বনাম ইসলাম হয়ে যাচ্ছে। আর এ ভূখন্ডের দেশগুলোতে ইসলামে-ইসলামে অথবা ইসলামের সঙ্গে অন্য কিছুর দ্বন্দ্ব দেখাতে পারলেই সুখ পায় আজকের পাশ্চাত্য। উনিশ শতকে তারা আমাদের জানতে চেয়েছে, আজ আর জানারও প্রয়োজন বোধ করে না, বরং তারা আমাদের যে নজরে দেখতে চায় তাই চাপিয়ে দিচ্ছে।
আমরাও আমাদের সাহিত্যে নিজেদের না জানিয়ে আজকের পৃথিবীতে যে বিষয়টি নিয়ে বড়জোড় একটা প্রামাণ্যচিত্র নির্মাণের দাবি রাখে, তা নিয়েই লিখে ফেলছি গল্প-উপন্যাস–জেলেপাড়া, পতিতালয়, কুমারপাড়া, চাবাগানের শ্রমিক ইত্যাদি। দুঃখজনক হলেও সত্যি, এই বিষয়গুলো আজ আর পাশ্চাত্য এখানকার সাহিত্য থেকে জানতে চায় না। ঘরে বসেই তারা এগুলো জানতে পারে।
মজার ব্যাপার হচ্ছে, পূর্ববাংলার সংখ্যাগরিষ্ট মানুষের যে সত্যিকার পরিচয় সাহিত্যে তুলে ধরা হয়নি, সেই মানুষদের একুশ শতকে এসে ঘরে-বাইরে নানা রকম দ্বান্দ্বিক সম্পর্কে বন্দি করা হয়েছেÑগণজাগরণ-হেফাজত, মুক্তিযোদ্ধা-ইসলামপন্থি, আস্তিক-ব্লগার, বৌদ্ধ-মুসলমান। মোটকথা, সব দ্বন্দ্ব যেন ইসলামকে ঘিরেই তৈরি। এই দ্বন্দ্বগুলোকেই ঘুরিয়ে-ফিরিয়ে ফোকাস করা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়। সে মোতাবেক গড়ে ওঠছে বাংলাদেশের ইমেজ। যা স্বাধীন জাতির জন্য হতাশাজনক।
অথচ, ইসলামের বাইরেও আমাদের নানা সংকট আছে, যেগুলো মুক্তিযুদ্ধের পরেও একই ভাবে বিরাজ করছে দেশটিতে। মুক্তিযুদ্ধের পর সামরিক শাসকের সময়ে যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক দেশে কি সেই লংঘনের হার কমে গেছে?

Image
sj2.jpg


…….

আবদুল জলিল যে কারণে মারা গেল : মঈনুল আহসান সাবের। প্রকাশক : দিব্যপ্রকাশ।
প্রচ্ছদ পরিকল্পনা : মঈনুল আহসান সাবের। মূল্য : ১৭৫ টাকা


…….
উপরোক্ত কথাগুলো তুলেছি, কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবেরের আবদুল জলিল যে কারণে মারা গেল উপন্যাসের প্রসঙ্গে। যে দায়িত্ব উপরোক্ত কারণে আমাদের অনেক সাহিত্যিকই পালন করতে ব্যর্থ হচ্ছেন সেখানে এই উপন্যাস লিখে সফল মঈনুল আহসান সাবের। নিজের দেশের প্রতি তিনি এখনো প্রতিশ্রুতিশীল এক মহান কথাসাহিত্যিক। কতটা অস্তিত্বের সংকটে ভুগছে এদেশের মানুষ, ব্যক্তি মানুষের মানবতা কতটা হুমকির মুখে, মানবিক অধিকার আজ শূণ্যের কোঠায়, কীভাবে 'গুম'-সন্ত্রাস সৃষ্টি করে চলেছে স্বয়ং একটি রাষ্ট্র–তাই মূলত তুলে ধরেছেন উপন্যাসটিতে লেখক। নাগরিক মধ্যবিত্ত জীবন, যারা মেপে কথা বলে, হাঁটার সময় রাস্তামেপে চলে, প্রতিপদে চিন্তা করে, এই বুঝি কোনো ভুল হলো বলে, কোনো বিবাদে জড়ায় না, সেই মধ্যবিত্তের জীবনেই নেমে আসছে অদ্ভুত আঁধার এক। কার নির্দেশে একটা গুলি খরচায় নিভে যায় জীবন প্রদীপ? আমাদের কাছে কি এই প্রশ্নের উত্তর নাই? অবশ্যই আছে। অথচ মুখবন্ধ করে অবরুদ্ধ সময়ের সাহিত্য সাজাচ্ছি। আধিপত্যবাদী রাষ্ট্র আমাদের মূল সংকটগুলোকে ক্যামেরার পেছনে নিয়ে যায়, আমরা সায় দিচ্ছি,তাতে উটকো, চাপানো কৃত্রিম সংকট তারা আমাদের চাপিয়ে দিচ্ছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এ কারণে মঈনুল আহসান সাবের এই সময়েও ধ্রুবতারা। সাহিত্যিক যদি এটাই বুঝতে না পারলেন, তার দেশ কোথায় আছে, কোথায় যাচ্ছে–তাহলে কালের পাঠক সেই সাহিত্যিকের হাত থেকে কলম কেড়ে নেয়। সাহিত্য হয়ে পড়ে মূল্যহীন। মঈনুল আহসান সাবের এই উপন্যাসটি বর্তমান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংকটকে সামনে আনছে, যাতে আধিপত্যবাদী রাষ্ট্রের হাত নেই, অভ্যন্তরীনভাবে নিজেদের ক্ষমতার দ্বন্দ্বে কিংবা একের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে বেচে যাওয়ার যে অরাজক সংস্কৃতি চলছে। এই সংকট নিজেদেরই সমাধান করতে হবে। লেখকের দায়িত্ব জানানো, বোধ তৈরি করা। সাবের তা করেছেন এ উপন্যাসে।
উপন্যাসটিতে নিরপরাধ আবদুল জলিলের মৃত্যু বিচারহীন, অমানবিক আর অনুর্বর এক রাষ্ট্রকেই পরিচিত করিয়ে দেয়। আবদুল জলিল বর্তমান বাংলাদেশের অসংখ্য আবদুল জলিলের প্রতিনিধিত্ব করছে।

Image
saber.jpg

পত্রিকায় মাঝে মধ্যেই খবর বেরোয়, শুধুমাত্র নামের মিল আছে বলেই আসামী হিসেবে ধরা হচ্ছে নিরীহ-নিদোর্ষ মানুষকে। এক অপরাধীর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে ভালো মানুষের ঘাড়ে। সাবের তাই এই উপন্যাসটি লিখতে এমন এক ভাষা বেছে নিয়েছেন যা দেশ-সরকার-আইন-শৃংখলা বাহিনির প্রতি বাক্যে-বাক্যে স্যাটায়ার। যেন সত্যিই তারা হাসির পাত্র! নিজ দায়বদ্ধতার প্রতি সিরিয়াস না। অফিসে কাজ করে খাওয়া অতি সাধারণ এক মানুষ আবদুল জলিল। অফিস শেষে ঝালমুড়ি খাচ্ছিল। কিন্তু সে খাওয়া শেষ হলো না। বাড়িও ফেরা হলো না। একটা মাইক্রোবাস ঝড়ের গতিতে এসে থামল। নামল তিনজন। চোয়ালে ঘুষি মেরে তাকে তুলে নিয়ে গেল। সে জানতেও পারল না কী তার অপরাধ, কেন তাকে ধরা হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। ব্যক্তি মানুষের এমন অস্তিত্বের সংকট বর্তমান বাংলাদেশের নগদ-চিত্র। তাকে নানা প্রশ্নে জর্জরিত করা হয়। যেন, তাদের মনের সাজানো উত্তরগুলোই জলিলের কাছ থেকে তারা পেতে চান। ব্যক্তির নিজস্বতার কোনো মূল্য নেই তাদের কাছে। জলিলের কিছু বলার ছিল। কিন্তু প্রশ্নকর্তাদের তা শোনার আগ্রহ নেই। আবদুল জলিল নিজের পরিচয় দিলেও তারা তাতে আগ্রহ দেখায় না। এই ঘটনা দ্বারা এটাই প্রমাণিত হয়, ব্যক্তির কোনো সারসত্তা তাদের কাছে তৈরি হয় নি। এটাও একধরণের ঔপনিবেশিক মানসিকতা। আবদুল জলিলের পরিচয় একেক দিন একেক রূপে প্রকাশ পায়। কখনো সে জাল টাকার কারবারি, কখনো ডাকাতদলের সর্দার, কখনো ভাড়াটে খুনি। কখনো ব্যাংকের টাকা মেরে দেওয়া কেউ, কখনো সিন্ডিকেটের ব্যবসায়ী, কখনো স্যাবোটাজে জড়িয়ে পড়া কেউকেটা। কত পরিচয় তার! অথচ একটাও 'আবদুল জলিল'র নয়। প্রকৃত আবদুল জলিলকে আড়াল করে অন্য আবদুল জলিলের পরিচয়ে তাকে পরিচিত করানো হয়েছে। রাষ্ট্রের চাপিয়ে দেওয়া এসব পরিচয়ের ভারে হারিয়ে যায় আবদুল জলিলের আসল পরিচয়। তাহলে কী দাঁড়ালো? আমেরিকাও চাপিয়ে দিতে চায় বাংলাদেশের প্রতি কিছু একটা, পাশের দেশও চাপিয়ে দিতে চায় কিছু একটা, এখন নিজের দেশও তার নাগরিকের প্রতি চাপিয়ে দিচ্ছি কিছু একটা। এমন পরিস্থিতিতে ব্যক্তি মানুষ কোথায় গিয়ে অবস্থান খুঁজবে। সে স্বাধীন হয়েও পরাধীন!
আধিপত্যবাদী ঔপনিবেশিক রাষ্ট্রের চেহারার সঙ্গে এখানেই সাদৃশ্য নিজের মাতৃভূমির।
এভাবেই আবদুল জলিলরা মারা যায় ট্রিগারের চাপে। আসল আবদুল জলিলরা বেঁচে যায়। আসল আবদুল জলিলদের অপরাধ আড়ালে রয়ে যায়, নিরপরাধ আবদুল জলিল অপরাধের বস্তা কাঁধে নিয়ে পৃথিবী থেকে প্রস্থান করে।
শক্তিমান কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবেরের উপন্যাসটি এভাবেই একটি দেশের ব্যক্তি মানুষের প্রধান একটি সংকটকে পাঠকের সামনে তুলে ধরে। গন্তব্য কোথায়? পথ জানা নাই ব্যক্তি মানুষের! তবে নিজ দেশে 'ঔপনিবেশিক-মৃত্যু'ই নাগরিকের মৃত্যু ঘটালে তার দেশও মৃত্যুবরণ করে!

Image
Flag Counter