২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কবিতায় প্রেম-বিরহ পুরাণ ও ইতিহাসের সমন্বয়

সাইমন জাকারিয়া

Published : 23 Feb 2015, 11:48 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

খেরোখাতার পাতা থেকে শীর্ষক কাব্যগ্রন্থটি বাংলাদেশের সময়, রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এমনকি বিশ্বসাহিত্যের বেশ কিছু অমর প্রেমগাঁথার সমন্বিত অনুভূতির ধারক। এ গ্রন্থটির কাব্যিক নির্মাণে কবি মাহবুবুল হক শাকিল নতুন করে স্মরণ করিয়ে দিয়েছেন– বাংলা কবিতার ইতিহাস অর্বাচীন কালের নয়, তা সহস্রাব্দ প্রাচীন এবং তার অভিযাত্রায় সংগীতই ছিল প্রধান অবলম্বন। আধুনিক বাংলা কাব্যের চর্চায় অনেকেই তথ্যটি ভুলে যান, শাকিল তা ভোলেন নি; তাই সম্ভবত শাশ্বত প্রেমের গীতিকবির মতো তিনি 'সমুদয় ভুলগুলি' শিরোনামের কবিতায় সংগীত-বাদ্যের সুরমূর্চ্ছনায় প্রেম তথা প্রেমিকার গুণগানকে ছড়িয়ে দিতে চেয়েছেন 'অভ্যস্ত মুনশিয়ানায়'। কবিতাটিতে প্রেমের চিরায়ত ভঙ্গি প্রকাশের অভিপ্রায়ে তিনি সহস্রাব্দের বাংলা ভাষার সাহিত্যিক অভিযাত্রার ইতিহাসকে বর্ণনা করেছেন গূঢ় এক কাব্যিক মহিমায়; লিখেছেন– 'ভাষা খুঁজি, শব্দ খুঁজি, খুঁজি বাক্সময় উচ্চারণ,/তোমার কানে কানে নিবিড় মন্ত্রপাঠের জন্য।/মধ্যযুগের পাতা জুড়ে আলাওলের পদ্মাবতী, বুকের উঠোন জুড়ে/হেঁটে যান কাদম্বরী; জীবনানন্দের ট্রামে ঘাপটি মারে/বিনয়ের বিষাদ-ভেজানো তরবারি।/আবেগের সব ভাষা আটপৌরে, গৃহস্থ বাড়ির আঁশটে গন্ধের মতো।/নিমেষে জিহ্বা কাটি, বেরিয়ে আসে চর্যাপদের পদাবলি…।'

বাংলা সাহিত্যের ইতিহাস সচেতন পাঠকমাত্রেই শাকিলের এই বাক্যবিন্যাসের ভেতর দিয়ে ভাষা খুঁজে ফেরা বাঙালির সহস্রাধিক বর্ষের সাধনার কথা স্পষ্ট অনুভব করতে পারেন। এখানে তিনি অত্যন্ত দক্ষতার সাথে বাঙালির ভাষা অনুসন্ধানের কথা যেমন রাষ্ট্র করেছেন, তেমনি ভাষার সঙ্গে সঙ্গে সাহিত্যের আঙ্গিক ও সময়ের বিবর্তনে এক কালের এক সাহিত্যস্রষ্টার ভাষাভঙ্গির নির্যাস নিয়ে অন্য কালের আরেক সাহিত্যিকের চূড়ান্ত উত্থানের কথাও প্রকাশ করেছেন।

বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের ভাষা ও পদাবলির প্রাচীনত্বকে আলাওলের পদ্মাবতীর আখ্যানে এসে যেভাবে নবায়িত হয়েছিল, রবীন্দ্রনাথের কাদম্বরী বন্দনায় সেই ভাষাভঙ্গি ও লেখার আঙ্গিক নানামাত্রায় বিবর্তিত হয়েছে, অতঃপর জীবনানন্দ দাশ ও বিনয় মজুমদারের পালাবদল। যদিও উপরের উদ্ধৃত কবিতায় শ্রীকৃষ্ণকীর্তনের লীলা মাধুর্যের কথা নেই, কিন্তু মাহবুবুল হক শাকিলের খেরোখাতার পাতা থেকে শীর্ষক গ্রন্থধৃত অন্যান্য কবিতায় রাধা-কৃষ্ণ লীলার সে-কথা ঘুরে ফিরে এসেছে এবং নতুন মাত্রায় বিশ্লেষিত হয়েছে। যেমনÑ 'প্রেম পদাবলি' শিরোনামের কবিতায় তিনি 'যমুনা নদী', 'বাঁশের বাঁশরি', 'পাড়া-পড়শি' এবং 'সর্বলোক'-এর জ্ঞাত প্রেমকথার জানা তথ্যটির সাথে যুক্ত করেছেন ভিন্নতর প্রেমতত্ত্ব, লিখেছেন– 'কৃষ্ণ প্রেমিক নয়, নিমিত্ত মাত্র।/বিরহিনী রাধাই শুধু প্রেমের স্বরূপ।'

আসলে, শাকিলের কাছে যেহেতু শ্রীরাধাই প্রকৃত প্রেমের আদর্শ, তাই তাঁর খেরোখাতার পাতা থেকে শীর্ষক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অধিকাংশ প্রেমের কবিতায় শ্রীরাধার মতো বিরহ-বেদনামাখা কান্নার আধিপত্য রয়েছে, কিন্তু সে কান্নার স্বরূপ একটু অন্যরূপে ভাস্বর, যেমন– 'যোজন-কান্না', 'জলে ভারাক্রান্ত, বিষাদে নীল', 'অবিরল কান্না', 'অচিন কান্না', 'বুকভরা কান্না', 'বোবাকান্না' ইত্যাদি। এ ধরনের বিরহ ক্রন্দনে জারিত শাকিলের প্রেমের আরাধ্য বা অবলম্বন শুধু শ্রীরাধা নন; প্রেমের বিষণœ আনন্দ-শিহরণের মধ্যে তিনি কখনো কখনো অনুভব করেন 'বেহাল মজনুন', 'ঠাকুরপুকুরে'র 'পাগলাটে' কবি বিনয় মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শার্ল বোদলেয়ার, কৃষ্ণদৈপায়ণ ব্যাসের দ্রৌপদী, মির্জা গালিব, লালন সাঁই, হাছন রাজা, মনসামঙ্গলের চরিত্র বেহুলা-লক্ষ্মীন্দর, মঞ্চকুসুম শ্রীমতি বিনোদিনী দাসী, এমনকি ক্লিওপেট্রার দুর্লভ ট্রাজেডিকে।

বিশ্বসাহিত্যের সুনিবিড় পাঠ এবং বিশ্বপরিভ্রমণের সমন্বিত অভিজ্ঞতা শাকিলের কাব্য শরীরে বর্তমান। এক্ষেত্রে একটি উদাহরণ দেওয়া যাক, 'তোমাকে ছুঁয়ে আসার পর' শিরোনামের কবিতায় শাকিল লিখেছেনÑ 'সমগ্র জীবন পার হয়ে যায় অবসন্ন,/গায়ত্রীর দেখা মেলে না,/ঠাকুরপুকুর জোড়া লাগে না ম্যানহাটনের সাঁকোয়।' শাকিলের কাব্যের বেশ কয়েকটি কবিতায় ভারতের পশ্চিমবঙ্গের ঠাকুরপুকুর নিবাসী বিনয় মজুমদারের প্রেম ও বিরহ পুরাণ বারবার উচ্চারিত হয়েছে, এখানেও তার ব্যতিক্রম ঘটেনি, কিন্তু এখানে বাড়তি যে কাব্যিক পরিণতি প্রত্যক্ষ করা যাচ্ছে, তাহলো– শাকিলের নিজস্ব প্রেম-পরিভ্রমণের দূরত্ব ম্যানহাটন ও বিনয়ের প্রেমাবস্থানের ঠিকানা ঠাকুরপুকুরকে যেন একই ধরনের নিবিড় প্রেমের অভিজ্ঞতায় জারিত করতে তৎপর হয়েছেন। আমাদের ধারণা, বাংলা প্রেমের কবিতার ইতিহাসে জীবনানন্দ দাশ থেকে বিনয় মজুমদারের যে অভিযাত্রা সচল ছিল, মাহবুবুল হক শাকিল তার ধারাবাহিকতার সূত্র আরেকটু প্রসারিত করলেন।
মাহবুবুল হক শাকিলের খেরোখাতার পাতা থেকে শীর্ষক কাব্যগ্রন্থ কোনো নিরালম্ব প্রেমের কবিতার সংকলন নয়, এতে মোটামুটি তিন ধরনের কবিতা প্রত্যক্ষ করা যায়, যথা– ১. প্রেমের কবিতা, ২. স্বদেশের সমাজ ও রাজনীতি বিষয়ক কবিতা এবং ৩. দৈনন্দিন জীবন নির্ভর কবিতা। প্রায় সকল পর্যায়ের কবিতাতেই কবিকে সাহিত্য, ইতিহাস ইত্যাদি সূত্র থেকে অতীতের নানা উপাদানকে কবিতায় গ্রহণ করতে দেখা যায়। এক্ষেত্রে তিনি হয়তো অতীত চারণ সম্পর্কে ইংরেজ কবি টি. এস. এলিয়টের বক্তব্যকেই অনুসরণ করেছেন, এলিয়টের ভাষ্যটি হলোÑ অতীতের মধ্যে একটা সতত সৃজনশীল ফল্গুধারা আছে, সেটিকেই খুঁজে পেয়ে তাকে বর্তমানের সঙ্গে সাযুজ্য ও সমন্বয় করতে পারলেই ঐতিহ্যকে প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ ঐতিহ্যের চেতনাটা হবে দ্রব্য বা পণ্য-নির্ভর, তা হবে ঐতিহাসিক প্রণোদনা-নির্ভর। [মোহীত উল আলম : দেশ কোথায় আটকে আছে, পৃ.৪৬] শাকিল সেই ঐতিহাসিক প্রণোদনার প্রতি দারুণভাবে নির্ভর করেছেন বলেই জানাতে পারেন– 'তেরোশত নদীরস্রোতের ভাষা অনুবাদ করতে গিয়ে/আমার কলম থেকে বেরিয়ে আসে একটিমাত্র শব্দ– বাংলাদেশ।' শুধু তাই নয়, তিনি আরও জানান– 'নীরবতার অন্ধকারের দাসত্বের ইতিহাসকে উল্টোরথে তুলে দিয়ে/দীর্ঘকায় কোন পুরুষোত্তম শিখিয়ে যায় শিকল-ভাঙার গান?/চেতনায় কড়া নাড়ে একটিমাত্র নাম,/বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।' শেষোক্ত মহান ব্যক্তিত্বই শাকিলের স্বদেশের সমাজ ও রাজনীতি বিষয়ক কবিতার কেন্দ্রিয় চরিত্র; এই মহান নেতার হত্যার ট্রাজেডি এবং তৎপরবর্তীতে স্বদেশের নানাবিধ দুরাবস্থা দৃষ্টে একজন দেশপ্রেমী অনুভূতিশীল কবি হিসেবে তিনি অত্যন্ত মর্মাহত ও বেদনার্ত হন; মাঝে মাঝে তাই তাঁর প্রেমিকসত্তা খণ্ডিত হয় ক্রোধে, আত্মহননের আকাক্সক্ষায়।

কিন্তু তিনি চূড়ান্ত অর্থে হতাশ হতে পারেন না, কারণ তিনি কবিÑ অসম্ভব রকমের প্রত্যয়ী এবং দুর্বার ভবিষ্যতের আকাক্সক্ষী, তাই বুঝি সত্তার গভীর থেকে বলে ওঠেন– 'আবার নিজেকে নির্মাণ করি সংশপ্তকের ক্ষমতায়, ফিনিক্সের ডানায়।' এভাবে ক্রমাগত নিজেকে পুনঃপুনঃ নির্মাণে মাহবুবুল হক শাকিল পরিপূর্ণ কবিত্বে প্রেম-বিরহ পুরাণ ও ইতিহাসের সমন্বয় সাধন করে চলেন। তাঁর প্রেম, স্বদেশ ও দৈনন্দিন জীবন নির্ভর কবিতার সর্বত্র তার দৃষ্টান্ত লভ্য। এছাড়া, শাকিলের কবিতার আরেকটি প্রধান প্রবণতা হলোÑ সমকালে দাঁড়িয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধন রচনার তৎপরতা। রসজ্ঞ পাঠকমাত্রেই জানেন– এ ধরনের গুণে মহৎ কবি-চরিত্র স্পষ্ট হয়ে ওঠে। খেরোখাতার পাতা থেকে শীর্ষক কাব্যগ্রন্থে শাকিলের সে কবি-প্রতিভা প্রচ্ছন্ন রয়েছে। নিশ্চয় ধারাবাহিক কাব্যচর্চায় তিনি পূর্ণতা অর্জন করবেন মহাকালের জন্যে।

খেরোখাতার পাতা থেকে ॥ মাহবুবুল হক শাকিল ॥ প্রকাশক : অন্বেষা প্রকাশন, বাংলা বাজার, ঢাকা ॥ প্রচ্ছদ : ধ্রুব এষ ॥ প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা ২০১৫ ॥ পৃষ্ঠা : ৮০ ॥ মূল্য : ১৬০ ॥