বাংলাদেশে বই প্রকাশনা ও বিপণন ব্যবস্থাবিষয়ক ভাবনা
মানুষের উপলব্ধিতে এই বোধ তৈরি করতে হবে- বই ছাড়া জীবন অন্ধকার।
বই প্রকাশনায় দক্ষ ও নিপুণ পরিকল্পনা, পান্ডুলিপি প্রস্তুতকরণ, সম্পাদনা, বইয়ের সামগ্রিক নান্দনিক উপস্থাপন, টার্গেট পাঠকের উপযোগিতা বিশ্লেষণসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রকাশক এবং লেখকের প্রচুর গবেষণা প্রয়োজন। প্রকাশক মোটা দাগে দুই রকম বই প্রকাশ করে। ক. নন-ফিকশন খ. ফিকশন। লন্ডনের Publisher's Association-এর এক জরিপে দেখানো হয়েছে প্রকাশনা শিল্পে ৯৭% বই হচ্ছে নন-ফিকশন, আর ৩% ফিকশন। ৯৭%-এর মধ্যে এডুকেশনাল এবং একাডেমিক বই-ই প্রধান। সব ধরনের পাঠকের চাহিদা গবেষণা করে তাদের প্রয়োজন মেটানোর জন্য বিচিত্র রকমের বইয়ের উৎপাদন নিশ্চিত করতে হবে। অগ্রসর পাঠকের জন্য যেমন অগ্রসর চিন্তার বই প্রকাশের পরিকল্পনা করতে হবে, তেমনই মধ্যম বা চিন্তায় অনেক পিছিয়ে পড়া মানুষকে ক্রমান্বয়ে সামনে এগিয়ে নিতে সাহায্য করে এমন বইও প্রকাশ করতে হবে। সর্বোপরি মানব সম্পদ উন্নয়নে সামগ্রিক পরিকল্পনা করে পান্ডুলিপি প্রস্তুতি ও প্রকাশের জন্য লেখক-প্রকাশকের নিবিড় মেলবন্ধনে এগিয়ে যেতে হবে। প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বই বিপণন। এক্ষেত্রে প্রথমত প্রকাশক তার বিদ্যমান পাঠক ধরে রাখার জন্য দক্ষ কর্মকৌশল ও কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। যেমন- যে সকল প্রকাশকের ই-কমার্স সাইট রয়েছে, তাদের পাঠককে বিচিত্র কৌশলে সেই সাইটে ধরে রাখতে হবে, তাদের সাথে যোগাযোগ নিবিড় রাখতে হবে। সাইটে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বইসহ প্রকাশিত সকল বইয়ের নানামুখী প্রচার, বিশেষ অফার নিশ্চিত করা। পাঠকের চাহিদা মতো তার দোরগোড়ায় বই প্রাপ্তি সহজ করে তোলা। পাঠকের পাঠ চাহিদা ও আচরণ পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করা এবং অনলাইন সাপোর্টের মাধ্যমে সেগুলো সংগ্রহ করে নির্ভরযোগ্য লেখকদের সংগে মতবিনিময় করে আপডেট দেয়া। সাম্প্রতিক আমরা অনলাইন প্লাটফর্মে বইয়ের নানামুখী প্রচারনা লক্ষ্য করছি। এটা বই বিপণনে বেশ ভূমিকাও রাখছে। মানসম্মত ভালো বইয়ের বহুমুখী প্রচারনা ভীষণ প্রয়োজন। তবে প্রচারনা যেন পাঠকের কাছে বিশ্বাসযোগ্য, বাস্তবমুখী বলে মনে হয়। তা না হলে উল্টো ফলও ঘটে যেতে পারে। উদাহরণ হিসেবে এরকম একটি উল্লেখযোগ্য ঘটনার কথা বলা যেতে পারে। হিলারি ক্লিন্টনের আত্মকথন Hard Choices প্রকাশিত হয় ২০১৪ সালের ১০ জুন। প্রকাশক পৃথিবীর বিখ্যাত প্রকাশনা সংস্থা Simon & Schuster. বিপননের দায়িত্বে Amazon.com. বইটি প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে অনলাইনে প্লাটফর্মে ১৫০০ -এর অধিক রিভিউ, যা রীতিমতো অবিশ্বাস্য ও হাস্যকর ফেক রিভিউ বলে প্রতীয়মান হয়। বইটির এই রিভিউ নিয়ে প্রচুর পাঠকের নেতিবাচক প্রতিক্রিয়া সকলেরই নজর কাড়ে। Amazon.com পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে যে রিভিউগুলো অতিরঞ্জিত ও ফেক বলে মনে হয়েছে এরকম ৯০০ রিভিউ মুছে ফেলে। সুতরাং, অনলাইন প্লাটফর্মে রিভিউ-এর ব্যাপারেও অত্যন্ত সতর্ক থাকতে হবে। পাঠকের কাছে বুক রিভিউ যদি অবিশ্বাসযোগ্য, ফেক, অতিরঞ্জিত বলে প্রতীয়মান হয়, তবে সেই প্রচারনাও বইয়ের জন্য বুমেরাং হয়ে উঠবে। বই বিপণনে ডিরেক্ট মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বইয়ের ফরমেট প্রিন্ট, অডিও, ভিডিও, পডকাস্ট, পিডিএফ যাই হোক না কেন বইয়ের ধরন ও টার্গেট পাঠক বিশ্লেষণ করে বই বিপননের বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। অনলাইনে বই বিক্রয়ের প্রসার কিছুটা বাড়লেও সারাদেশের বই বিক্রেতাদের বই বিপণনের বিরাট সহযোগী শক্তি হিসেবে মহাপরিকল্পনা গ্রহণ করা বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। পাঠাভ্যাস আন্দোলন ও পাঠাগার আন্দোলনের মতো সামাজিক আন্দোলনের মাধ্যমে বইকে মানুষের জীবন যাপনের অত্যাবশ্যকীয় উপাদানে পরিণত করতে হবে। মানুষের উপলব্ধিতে এই বোধ তৈরি করতে হবে- বই ছাড়া জীবন অন্ধকার। এই কর্মযজ্ঞের সংগে লেখক, প্রকাশক, বই বিক্রেতাসহ সকল শ্রেণিপেশার সৃজনশীল মানুষ এবং সরকারি-বেসরকারি সকল উদ্যোগকে সম্পৃক্ত করা জরুরি।
