সব ছেড়ে কেন তোমার কাছেই
জানি, তুমি অনেক জন্ম ধরে আমায় স্পর্শ করেছ
জানি, তুমি বলবে না—
সবার ওপরে মানুষ সত্য
খামোখা উচিত-অনুচিতের বাণী শোনাবে না
প্রকৃত মানুষ হওয়ার হেঁয়ালি তোমার দুনিয়ায় নেই
নেই প্রগতি আর মানবিকতা-মার্কা শব্দ
হয়তো বলবে, বেড়ালিকতা না থাকলে মানবিকতাও মানছি না!
জানলা দিয়ে বাইরেটা দেখব আমরা
আর ফেরিওয়ালার হাঁক ঠিক তোমার সুরে মিলবে
তোমার নিরন্তর উচ্চারণ আমাকে ভুলতে দেয় না
আমার দীর্ঘতম অতীত—
কাকে কাকে হারিয়ে এসেছি
কী কী ধ্বংস করে সভ্য হয়েছি আজ
কার ঘর পুড়িয়ে তৈরি হয়েছে আমার আশ্রয়,
তোমার রাগ-রাগিনী জানান দেয়—
রোদ্দুরের সাথে আমার কী সম্পর্ক
আরও অনেক কিছুর সাথে,
জানি, তুমি অনেক জন্ম ধরে আমায় স্পর্শ করেছ
তাই ঘুরেফিরে তোমার কাছেই আসি
অন্য কোথাও যাই না…
