২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁওতালী আগুন ও প্রথাবদ্ধ মানুষ

মিলু শামস মিলু শামস

Published : 01 Sep 2022, 07:08 PM

Updated : 01 Sep 2022, 07:08 PM

সাঁওতালী আগুন

তখনও তারা আপনি থেকে ‘তুমি’ হয়নি

প্রাথমিক আলাপের আবরণ সরাতে সরাতে

চুমুক দেয় কাপুচিনো কি হোয়াইট মোকার মগে

কথা বলে মার্কসবাদ, ডারউইন, ফ্রয়েডীয়

মনস্তত্ত্ব নিয়ে--

কতটা ‘অপ্রাসঙ্গিক’ হলো সেসব

নাকি একেবারে ‘আউট অব সিলেবাস’!

তা নিয়ে আলাপ হয় বিস্তর

দূরে দুপুরের শূন্যতা গায়ে মেখে

ডানা ঝাপটায় ডোরাকাটা পাখি

চপল নিমপাতা ঝরে পড়ে কটেজের গায়;

শালবনে সাঁওতাল নারী

আগুনের গোলা চোখ, শরীর শানিত তরবারি

সেদিকে তাকায় তারা অনির্বাণ দৃষ্টি--

দু’হাতে টুকে নেয় আত্মগত তথ্যসকল

যেন ওই সাঁওতাল নারী ইতিহাসের মাহেন্দ্র কোড

ব্র্যাকেট ভেঙে বেরিয়ে এসেছে সোজা

খুলে দিতে তাদের নির্মিলিত চোখ

চারপাশে চেনা জানা ‘আপন কতজন’!

তারই মাঝে একা হয়েছিল তারা

চিনে নিয়েছিল পরস্পর তথ্যসূত্র ধরে--

এই যে এতটা পথ পেলিওলেথিক থেকে

কত শত তত্ত্ব, কত মতবাদ

উত্থান-পতন-বিনাশ

এই যে বাজার বসেছে উঠোনে উঠোনে

ঘরে ঘরে কেনা বেচা, এইসব বেনিয়ার তোড়ে

মানিয়ে নিয়েছে তারা;

পোর্সেলিনের থালায় লুচি আর নিরামিষ মুখে পুরে

চোখে রাখে চোখ, পড়ে নেয়

আলুলায়িত ভাষা দু’জনের আপাদমস্তক--

এইসব মানিয়ে নেয়ার খেলা

শেষ হবে একদিন

শালবনে জ্বলবে সাঁওতালী আগুন

তখন তাদের আপনি কি তুমি, তুমি কি তুইয়ের

ব্যাকরণ ভেঙে বেরিয়ে পড়বে মানুষ।

প্রথাবদ্ধ মানুষ

সাঁকোর ওপারের বাড়িটিতে

যাঁদের অধিবাস ছিল

তাঁরা জনপদের প্রচলিত মানুষের থেকে

ছিলেন ভিন্নতর

অনেকে অনুযোগ করে বলতো--

ওখানে মৌসুমী হাওয়ার বিন্যাস

ঠিক প্রথাসিদ্ধ নয়;

ধ্যান যোগ প্রাণায়াম ছাড়াই

মস্তিষ্ক খুঁড়ে ওঁরা কথার স্তবক

তুলে আনতেন

তাতে সূর্যের আলো পড়ে

সদ্য-উৎপাদিত ধাতব মুদ্রার ঔজ্জ্বল্যে

ঝিলিক দিত।

চোখ ঝলসানো আলো কিংবা

দ্যুতির অভ্যন্তরের স্পষ্ট এক বর্ণচ্ছটার

দুর্দমনীয় আকর্ষণে

আমরা, প্রায় সবাই না হলেও

অনেকেই ব্যাপকভাবে আকৃষ্ট হয়েছিলাম

বাড়িটির প্রতি;

এমন নয় যে, অধিবাসীরা মায়াজাল ছড়িয়েছিলেন

কিংবা বাগাড়ম্বরে আসর জমিয়েছিলেন

সে সব কিছুই নয়

তবু ওই দুর্দমনীয় আকর্ষণ

উপেক্ষা করতে পারিনি আমরা

সমতল ভূমি আর সুউচ্চ পর্বতমালায়

বিজলীরঙা আলো ছড়ানো

মধ্যাহ্নে পেরিয়ে গিয়েছিলাম সাঁকো।

বৈরি বাতাস আর ঝড় ঝাপ্টা সামলে

বাড়িটি আজ নিঃস্ব

আগতদের বেশিরভাগই

একে পান্থশালা ভেবে

চলে গেছে ভিন্ন পথে,

মস্তিষ্ক খুঁড়ে আনা কথার স্তবকে

তাদের চোখে ধাঁধা লেগেছিল শুধু

অন্তর্গত বর্ণচ্ছটা রয়ে গিয়েছে অনুভবহীন,

প্রথাবদ্ধ মানুষেরা তাই

হাঁটু ভেঙে পড়ে যাচ্ছে বারবার

ঘাতক হাতে খাবলাচ্ছে এ ওর কারোটি

বাড়িটি বিধ্বস্ত হওয়ায়

জনপদ ভেসে যায় আদিম বিবমিষায়।

এ শহর বিষণ্ণ জাগে

চাঁদের পাহাড় পেরিয়ে

জ্যোৎস্না উড়িয়েছিল তারা;

সন্ধ্যামনি ফোটা উদাস বিকেলে

হেঁটেছিলো ধানীরঙ পোশাকে

শহরের পাড়ায় পাড়ায়।

শহরতলীর চৌকাঠ মাড়ালে

সটান দাঁড়িয়ে বুড়ো তাল গাছ

বাবুইয়ের বাসাবাড়ি বুকে,

কিশোরীর আঁচল ওড়ানো হাওয়ায়

পেয়ারা পাতার কোমল নিঃশ্বাস

পুকুরের জলে ছায়ামাখা

সরল গোধুলি বেলা,

তারা হেঁটে যায়--

অগ্রে এসেছিল যারা

এ শহর বিষণ্ণ জাগে

জনতার ভিড়ে

পুরনো প্রাচীর ঘেঁষে

অলক্ষ্যে বেড়ে ওঠা নামহীন ঘাস

রুগ্ন অশ্বত্থ লতা

অথবা দূরের পড়ন্ত দুপুরের সুরে

মিশে থাকে তারা

বিগত শহরের গায়।