২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদা ইয়াসমিন সুমির গঙ্গালতা ও আলমিরা

ফরিদা ইয়াসমিন সুমির গঙ্গালতা ও আলমিরা

চিত্রকর্ম:

ফরিদা ইয়াসমিন সুমি ফরিদা ইয়াসমিন সুমি

Published : 07 Apr 2023, 10:25 PM

Updated : 07 Apr 2023, 10:25 PM

গঙ্গালতা

তুমি ফুটে থাকো গঙ্গালতা, তোমার বুকে দিনভর ছোঁয়াছুঁয়ি খেলুক ঘাসফড়িঙেরা, লুকোচুরিতে অনিঃশেষ মধু খেয়ে তৃপ্ত হোক মৌমাছির ঝাঁক! আমিই বরং তফাত যাই; বেগুনি ফুলেল ফ্রকে বেনী দুলিয়ে খিলখিল হাসিতে খালি-পায়ে দৌড়ে বেড়াক আদুরে কিশোরী। চোখ বুজে বুকভরে শ্বাস নিই; বুনো-জংলি ঘ্রাণে প্রশান্তির মৃত্যু হোক আমার! মৃত্যুর আগে অন্তত শৈশবের  বহুরঙা মিহিদানা-স্মৃতি ভিড়ুক শরীর-মন জুড়ে! তুমি ফোটাও, রাতভর ফুটে থাকো।

আলমিরা

আমার কিছু দুঃখ-কষ্ট আছে 

একান্ত  আপন কিছু দুঃখ-কষ্ট,

পাট-না-ভাঙা শাড়ির মত নিপাট

জামদানির জমিনের মত নিখুঁত বুনন,

ভাজে ভাজে কর্পূর দেয়া,

সযতনে তুলে রাখা আলমিরাতে।

কারিগরের উদাসীনতায় তোমাকে

ছাড়া খুলতে পারি না সেই আলমিরা,

নব ঘোরাতে গেলেই সন্তর্পণে

পেছনে গিয়ে দাঁড়াই -

কারিগরের চাতুরীতে 

দুজনেরই ছায়া পড়ে

আলমিরার আয়নাতে।